বুধবার, ২৯ই এপ্রিল, ২০২৬   |   ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির ভেনিস শহরের মেস্ত্রে এলাকায় একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত ৭ মার্চ রাতে স্থানীয় কট্টরপন্থী সংগঠন ‘ফোর্জা নুওভা’ এই মসজিদ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। তারা ধোঁয়া বোমা এবং ব্যানার নিয়ে এই প্রতিবাদ জানায়। মূলত একটি পরিত্যক্ত করাতকল পরিষ্কার করে সেখানে মসজিদ বানানোর কাজ শুরু করেছে স্থানীয় বাঙালিরা, আর এটি নিয়েই বিপত্তি শুরু হয়েছে।

এই ঘটনার মূল কেন্দ্রে রয়েছেন স্থানীয় বাঙালি নেতা এবং ওই মসজিদ কমিটির অন্যতম উদ্যোক্তা প্রিন্স হাওলাদার। প্রিন্স হাওলাদার ইতালির বর্তমান ক্ষমতাসীন দল ‘ফ্রাতেল্লি দালিয়া’-র স্থানীয় কমিটির একজন সদস্য। বিক্ষোভকারীরা অভিযোগ করছে, সরকারি দলের প্রভাবেই এই মসজিদ তৈরি হচ্ছে। সরাসরি সংঘাত এড়াতে বিক্ষোভটি মসজিদ থেকে কিছুটা দূরে একটি গির্জার সামনে করা হলেও দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ঘটে।

ঘটনার সময় কট্টরপন্থীরা প্রিন্স হাওলাদারকে হুমকি দিয়ে বলে – “তুমি কি মনে করো এখানে শান্তিতে থাকতে পারবে?” জবাবে হাওলাদার বলেন, “আমি তোমার মতোই একজন ইতালীয়”। বর্ণবাদী মন্তব্যের বিপরীতে তিনি সাফ জানিয়ে দেন যে, তিনি ইতালির সংবিধান মেনে চলেন এবং নিয়ম মেনেই সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও বাঙালিরা মসজিদ সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version