মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর, ২০২৬   |   ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের লাগামছাড়া দাম নিয়ন্ত্রণে ইতালিতে পেট্রোল ও ডিজেলের ওপর সর্বোচ্চ মূল্যসীমা (প্রাইস ক্যাপ) নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে আজারবাইজানের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ‘সোকার’ । সম্প্রতি ইতালির অন্যতম বৃহৎ জ্বালানি নেটওয়ার্ক ‘ইতালিয়ানা পেত্রোলি’ (আইপি)-র মালিকানা নেওয়ার পর ভোক্তাদের স্বস্তি দিতে এই উদ্যোগ নিল প্রতিষ্ঠানটি। একই সময়ে ইতালির আরেক শীর্ষ কোম্পানি ‘এনি’ও তাদের ফিলিং স্টেশনগুলোতে তেলের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার ঘোষণা দিয়েছে।

সোকার জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের আইপি-ব্র্যান্ডের ফিলিং স্টেশনগুলোতে ধাপে ধাপে এই মূল্যসীমা কার্যকর করা হবে। পাম্পগুলোতে তেলের সর্বোচ্চ দাম ঠিক কত হবে তা সুনির্দিষ্ট করা না হলেও, পুরো সরবরাহ ব্যবস্থার অর্থনৈতিক ভারসাম্য এবং সাধারণ মানুষের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এই দাম নির্ধারণ করা হবে বলে রবিবার এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ‘এসো’-সহ আইপি থেকে জ্বালানি নিয়ে নিজস্ব ব্র্যান্ডে বিক্রি করা অন্যান্য ফিলিং স্টেশনগুলোতেও এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।

ইতালির জ্বালানি বাজারে চরম উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ এলো। দেশটির ব্যবসা ও ‘মেড ইন ইতালি’ মন্ত্রণালয়ের ফুয়েল প্রাইস অবজারভেটরির তথ্য অনুযায়ী, গত রবিবার (২৭ সেপ্টেম্বর) দেশজুড়ে সেলফ-সার্ভিস পাম্পে প্রতি লিটার পেট্রোলের গড় দাম ছিল ২.১৫৯ ইউরো এবং ডিজেল বিক্রি হয়েছে ২.৩৭৭ ইউরোতে। এছাড়া মহাসড়কগুলোতে পেট্রোলের গড় দাম ছিল ২.২৫৪ ইউরো এবং ডিজেল লিটারপ্রতি ২.৪৫৯ ইউরোতে পৌঁছেছে, যা প্রায় আড়াই ইউরোর কাছাকাছি।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সোকারের এই মূল্যসীমা নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি জানান, জ্বালানির উচ্চমূল্যের প্রভাব কমাতে সেপ্টেম্বর মাসের শুরুতেই তিনি কোম্পানিগুলোকে দামে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছিলেন। তেল ও গ্যাস উৎপাদন থেকে শুরু করে পরিশোধন, লজিস্টিকস ও বিপণন পর্যন্ত পুরো চেইনে কাজ করা আজারবাইজানের এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি চলতি বছরের ৮ মে এপিআই হোল্ডিংয়ের কাছ থেকে ৯৯.৮২ শতাংশ শেয়ার কিনে নিয়ে ‘ইতালিয়ানা পেত্রোলি’র নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল।

জ্বালানি ব্যবসার বাইরেও ইতালির সঙ্গে নিজেদের সম্পর্ক আরও জোরদার করছে সোকার। প্রতিষ্ঠানটি সম্প্রতি ইতালিয়ান ফুটবল ফেডারেশন-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে। এই চুক্তির আওতায় ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইতালির পুরুষ ও নারী জাতীয় ফুটবল দলের বৈশ্বিক জ্বালানি অংশীদার হিসেবে কাজ করবে আজারবাইজানের এই কোম্পানি।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version