আন্তর্জাতিক বাজারের অব্যাহত উত্তেজনা ও অর্থনৈতিক অস্থিরতার মাঝে দেশের সাধারণ পরিবার, ব্যবসায়ী এবং শ্রমিকদের পাশে দাঁড়াতে বড় ধরণের আর্থিক প্যাকেজের অনুমোদন দিয়েছে ইতালির মন্ত্রিসভা। গতকাল রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক বিবৃতিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দেন।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারের চাপের মুখেও দেশের উৎপাদন ব্যবস্থা সচল রাখা এবং নাগরিকদের কেনাকাটার সক্ষমতা (ক্রয়ক্ষমতা) ধরে রাখতেই সরকার এই সুনির্দিষ্ট পদক্ষেপগুলো নিয়েছে।
প্যাকেজের প্রধান সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাব থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে জ্বালানি তেলের ওপর কর বা আবগারি শুল্ক হ্রাসের মেয়াদ আরও বাড়িয়েছে সরকার।
পাশাপাশি, দেশের পণ্য পরিবহন ও লজিস্টিকস ব্যবস্থাকে সচল রাখতে ৩০০ মিলিয়ন ইউরোর সামগ্রিক বাজেটসহ ‘ট্যাক্স ক্রেডিট’ বা কর ছাড়ের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
ইতালির সাধারণ মানুষের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে দেশের ‘জাতীয় গণপরিবহন তহবিল’-এ প্রতি বছর অতিরিক্ত ৮০ মিলিয়ন ইউরো বরাদ্দ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এর সাথে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি খাতের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারি সহায়তার হাত আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, ইতালির সিসিলি অঞ্চলের নিশেমী শহরের আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং নাগরিকদের সুরক্ষার জন্য বিশেষ অবকাঠামোগত উন্নয়ন ও জরুরি প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তথ্যসূত্র: জর্জিয়া মেলোনি অফিসিয়াল পেজ
