মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬   |   ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির ইতিহাসে নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হলো রাজধানী রোম। শনিবার দেশটির সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা পরিষেবার প্রায় ৬,০০০ সদস্য উচ্চতর বেতন, উন্নত পেনশন এবং কর্মক্ষেত্রে শক্তিশালী সুরক্ষার দাবিতে রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

দেশের প্রধান প্রতিরক্ষা ও নিরাপত্তা ইউনিয়নগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রথম সমাবেশে অংশ নেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কারাবিনিয়ারি (জাতীয় পুলিশ) এবং গুয়ার্দিয়া দি ফিনাঞ্জার (আর্থিক পুলিশ) প্রতিনিধিরা। ‘প্রতিদিন আমরা ইতালির সেবা করি, আজ আমরা সম্মান চাই’—এই স্লোগান সংবলিত ব্যানার নিয়ে রোমের রাস্তায় মিছিল করেন তাঁরা।

সম্প্রতি প্রায় ৪ লাখ ৩০ হাজার সামরিক ও নিরাপত্তা কর্মীকে অন্তর্ভুক্ত করে ইতালির সরকার একটি যৌথ চুক্তি নবায়ন করেছে। ওই চুক্তিতে মাসিক মোট ১৮৮ ইউরো বেতন বৃদ্ধি এবং এককালীন ২,৪৪৮ ইউরো বকেয়া পরিশোধের পাশাপাশি পেনশন সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে সিনাফি, নিউ ক্যারাবিনিয়েরি ইউনিয়ন (এনএসসি)-সহ বেশ কয়েকটি বড় ইউনিয়ন এই চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে একে ‘অপ্রতুল’ আখ্যা দেয় এবং সরকারের ওপর চাপ বাড়াতে এই বিক্ষোভের ডাক দেয়।

ইউনিয়নগুলোর মূল ৪ দাবি:

বিক্ষোভকারী সদস্যরা মূলত চারটি প্রধান দাবি সরকারের সামনে তুলে ধরেছেন:

পেনশন সংস্কার ও অবসরের বয়স: সম্পূরক পেনশন ব্যবস্থার সংস্কার এবং অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করার সরকারি পরিকল্পনার অবসান।

আইনি সুরক্ষা: ডিউটিরত অবস্থায় নিরাপত্তা কর্মীদের জন্য আরও শক্তিশালী আইনি সুরক্ষা নিশ্চিত করা।

জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতিপূর্ণ বেতন: চলমান তীব্র মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের সাথে তাল মিলিয়ে বেতন বৃদ্ধি।

আধুনিকীকরণ: নতুন কর্মী নিয়োগ, উন্নত প্রশিক্ষণ ও পেশাটির আধুনিকীকরণে সরকারি বিনিয়োগ বাড়ানো।

সমাবেশ শেষে এনএসসি-র মহাসচিব মাসিমিলিয়ানো জেত্তি বলেন, “আমরা এই চুক্তি প্রত্যাখ্যান করেছি কারণ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের যা পাওয়ার কথা ছিল, তা দেওয়া হয়নি। রাষ্ট্রের এই উর্দির ভেতরে শুধু ছায়ামূর্তি নেই, আছে রক্ত-মাংসের মানুষ ও তাঁদের পরিবার। নিরাপত্তারও একটি মূল্য আছে।”

তথ্যসূত্র: ইউরো নিউজ 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version