মঙ্গলবার, ২৮ই জুলাই, ২০২৬   |   ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ ও ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে কটূক্তি করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আর্জেন্টিনা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল সরকার।

আগামী অক্টোবরে হতে যাওয়া ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার বিরুদ্ধে লড়তে যাওয়া ফ্লাভিও বলসোনারোর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সাও পাওলোতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মিলেই এই বিতর্কিত মন্তব্য করেন। যদিও তিনি সরাসরি লুলার নাম উচ্চারণ করেননি, তবে দুর্নীতির মামলায় লুলার আগের কারাদণ্ড এবং পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় আসার বিষয় ইঙ্গিত করে তীব্র সমালোচনা করেন।

উল্লেখ্য, কারাবন্দি থাকা ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারোর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হাভিয়ের মিলেই। ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজিত হয়ে ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি গৃহবন্দি এবং নির্বাচনে অযোগ্য। ফ্লাভিও বলসোনারোর পাশে দাঁড়িয়ে মিলেই দাবি করেন, তরুণ বলসোনারোই একমাত্র ব্যক্তি যিনি ‘লুলাকে থামাতে’ পারেন।

বক্তব্যে মিলেই ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েসকেও ‘ন্যাড়া আবর্জনা’ বলে গালি দেন। বিচারপতি মোরায়েসই সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিচার প্রক্রিয়া পরিচালনা করেছিলেন এবং চলতি মাসের শুরুতে ব্রাসিলিয়ায় গৃহবন্দি বলসোনারোর সাথে মিলেইকে দেখা করার অনুমতি দেননি।

মিলেইয়ের এই চরম আক্রমণাত্মক বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন ব্রাজিলের কূটনীতিকরা। এক কূটনৈতিক সূত্র জানায়, মিলেই ব্রাজিলের দুটি সরকার বিভাগ, জনগণ এবং গণতন্ত্রকে সরাসরি অপমান করেছেন।

রবিবার এক অনুষ্ঠানে মিলেইয়ের মন্তব্যের সরাসরি জবাব না দিয়ে ব্রাজিলীয় প্রেসিডেন্ট লুলা বলেন, “ব্রাজিলে আমরা কখনোই সহ্য করব না যে বাইরের কেউ এসে এমন বিষয়ে নাক গলাক, যা তার এখতিয়ারভুক্ত নয়।”

তথ্যসূত্র: বিবিসি 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version