মঙ্গলবার, ২৮ই জুলাই, ২০২৬   |   ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল ক্যারিয়ারের সোনালী দিনগুলোর প্রায় শেষপ্রান্তে পৌঁছে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে সর্বকালের সেরাদের তালিকায় অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এবার মাঠের গণ্ডি পেরিয়ে বিনোদন জগতেও নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ মহাতারকা।

ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিতব্য নতুন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করার পাশাপাশি ক্যামেরার সামনেও বিশেষ চরিত্রে অভিনয় করবেন রোনালদো। চমকপ্রদ এই প্রকল্পে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি।

নতুন এই অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত রোনালদো বলেন, ‘এটি আমার জন্য দারুণ ও রোমাঞ্চকর একটি অধ্যায়। সামনে নতুন নতুন এই ধরনের আরও উদ্যোগের দিকে তাকিয়ে আছি।’

সিরিজটি যৌথভাবে নির্মাণ করছেন রোনালদো ও হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভন, যিনি বিখ্যাত ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের নির্মাতা হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। চলতি বছর তাঁরা দুজনে মিলে ‘ইউআর-মার্ভ স্টুডিওস’ (UR-Marv Studios) নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গঠন করেছেন।

রোনালদোকে নিয়ে যৌথ প্রযোজক ম্যাথিউ ভন বলেন, ‘ক্রিস্টিয়ানো ঝুলিতে মাঠে এমন সব রূপকথার গল্প রয়েছে, যা আমার পক্ষে স্ক্রিপ্টে লেখা কখনোই সম্ভব হতো না। তাঁর সঙ্গে যৌথভাবে অনুপ্রেরণাদায়ী সিনেমা ও টেলিভিশন সিরিজ তৈরি করার জন্য আমি মুখিয়ে আছি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া ফুটবলভিত্তিক কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’র মতো কাল্পনিক বা হালকা মেজাজের গল্পে এটি তৈরি হচ্ছে না। বরং এতে উঠে আসবে ব্রিটিশ ফুটবলের কঠিন বাস্তবতা, তীব্র প্রতিযোগিতা, অর্থ-কড়ির লেনদেন এবং পর্দার আড়ালের নানামুখী গল্প। ইতিমধ্যে ইংল্যান্ডের ক্লাব বার্নেট এফসির স্টেডিয়ামে সিরিজটির শুটিং শুরু হয়েছে।

বিনোদন জগতের একটি সূত্র জানিয়েছে, ডেমিয়ান লুইস, রোনালদো এবং থিয়েরি অঁরির মতো মেগা তারকাদের উপস্থিতির কারণে সিরিজটি মুক্তির আগেই বাজার গরম করে তুলেছে। বিশেষ করে নেটফ্লিক্স ও আমাজন প্রাইমের মতো বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে এর স্বত্ব কেনার জন্য এখন থেকেই তীব্র প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, সিরিজটিতে স্ট্যানলি ডালটন নামের এক প্রভাবশালী ফুটবল এজেন্টের মূল চরিত্রে অভিনয় করছেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ খ্যাত অভিনেতা ডেমিয়ান লুইস।

তথ্যসূত্র: ডেইলি ইত্তেফাক 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version