শনিবার, ২২শে আগস্ট, ২০২৬   |   ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ অ্যাজোরেসের রাবো দে পেইশে (Rabo de Peixe) এলাকায় মাদক বিরোধী অভিযান চালানোর সময় পুলিশের চারটি গাড়ি ভাঙচুর করেছে স্থানীয় বাসিন্দারা। এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সংহতি প্রকাশ করেছে দেশটির সরকার।

ঘটনা প্রসঙ্গে পর্তুগালের নাগরিক সুরক্ষা বিষয়ক রাজ্য সম্পাদক রুই রোচা বলেন, পুলিশ সেখানে ‘তাদের দায়িত্ব পালন করছিল এবং আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়েছিল।’ কিন্তু আসামিদের নিয়ে ফেরার সময় স্থানীয়দের একটি অংশ সেখানে বিশৃঙ্খলা তৈরি করে পুলিশের ওপর হামলা চালায়। তিনি বলেন, ‘আমি প্রথমেই পিএসপি পুলিশের প্রতি সংহতি জানাচ্ছি এবং এই ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা প্রকাশ করছি।’

অ্যাজোরেসের পিএসপি পুলিশের আঞ্চলিক কমান্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালের শেষভাগে এই ঘটনা ঘটে। একটি বড় ধরনের মাদক বিরোধী অভিযান চালানোর সময় হাতেনাতে আটজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর স্থানীয় বাসিন্দাদের একটি অংশ উত্তেজিত হয়ে পুলিশের ওপর চড়াও হয়।

মাদক বিরোধী এই সফল অভিযানে পুলিশ আসামিদের কাছ থেকে ৯৬২ ডোজ হাশিশ, ১,১১০ ডোজ কোকেন এবং বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করেছে।

রাবো দে পেইশে থানা পুলিশের অপরাধ তদন্ত ইউনিটের নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে পোন্তা দেলগাদা পুলিশ বিভাগ এবং অ্যাজোরেস আঞ্চলিক কমান্ডের বিশেষ পুলিশ ইউনিটের সদস্যরাও অংশ নিয়েছিলেন। আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত করে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version