রবিবার, ৫ই এপ্রিল, ২০২৬   |   ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। তিনটি গাড়ির মধ্যে হওয়া এই ভয়াবহ সংঘর্ষে একটি সাজানো পরিবার মুহূর্তেই ধ্বংস হয়ে যায়।

স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে আইসি১ মহাসড়কের আলভালাদে দো সাদো এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্র জানায়, দ্রুতগামী তিনটি গাড়ির মধ্যে প্রচণ্ড সংঘর্ষে একটি গাড়ি দুমড়েমুচড়ে যায়। ওই গাড়িতে থাকা ৪৮ বছর বয়সী বাবা, ৪৩ বছর বয়সী মা এবং তাদের ১৪ ও ১২ বছর বয়সী দুই সন্তান ঘটনাস্থলেই প্রাণ হারান। হসপিটাল দো লিটোরাল আলেন্তেহানোর জরুরি চিকিৎসা দলের একজন চিকিৎসক ঘটনাস্থলেই তাঁদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ডিপার্টমেন্ট, ন্যাশনাল রিপাবলিকান গার্ড  এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল ইমার্জেন্সি এর মোট ৩৩ জন কর্মী। উদ্ধারকাজে একটি হেলিকপ্টারসহ ১২টি যানবাহন অংশ নেয়। দুর্ঘটনায় অন্য একটি গাড়িতে থাকা ৬৮ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হেলিকপ্টারযোগে লিসবনের সান্তা মারিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া তৃতীয় গাড়িতে থাকা আরও তিনজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভয়াবহ এই সংঘর্ষের পর মহাসড়কটির ৬৩৮.২ কিলোমিটার এলাকায় উভয় দিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। আলেন্তেজো লিটোরালের উপ-আঞ্চলিক জরুরি ও বেসামরিক সুরক্ষা কমান্ড জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানগুলো অপসারণ এবং তদন্তের স্বার্থে রাস্তাটি দীর্ঘ সময় বন্ধ রাখা হয়েছিল। স্থানীয় পুলিশ এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version