পর্তুগালের রাজধানী লিসবনে খাবারে বিষক্রিয়ার ঘটনায় ৩০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সেলেশিয়ান কলেজের ২৬ জন শিক্ষার্থী রয়েছেন।
জাতীয় জরুরি ও বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষের (ANEPC) গ্রেটার লিসবন সাব-রিজিওনাল কমান্ডের এক সূত্র লুসা নিউজ এজেন্সিকে জানিয়েছে, বুধবার রাত ১২টা ১০ মিনিটে এ ঘটনায় জরুরি সহায়তার জন্য খবর দেওয়া হয়। পরে ২৬ শিক্ষার্থীর পাশাপাশি ছয়জন প্রাপ্তবয়স্ককেও হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাস্থলে ১৩টি গাড়ি নিয়ে ২৬ জন দমকলকর্মী ও জাতীয় জরুরি চিকিৎসা ইনস্টিটিউটের (INEM) কর্মীরা উপস্থিত হন।
অসুস্থদের লিসবনের সান্তা মারিয়া ও দোনা এস্তেফানিয়া হাসপাতাল এবং আমাদোরা-সিন্ত্রার ফার্নান্দো দা ফনসেকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে কী কারণে খাবারে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।
প্রথমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে সিএনএন পর্তুগাল।
