রাজধানী লিসবনে পর্যটন খাতের প্রচার ও প্রসারে চার বছর মেয়াদি এক কর্মসূচির জন্য ২ কোটি ৫৮ লাখ (২৫.৮ মিলিয়ন) ইউরো বরাদ্দ অনুমোদন করেছে লিসবন সিটি কাউন্সিল। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে রাজনৈতিক মহলের সমালোচনা সত্ত্বেও ২০২৯ সাল পর্যন্ত এই তহবিলটি দেওয়া হচ্ছে ‘লিসবন ট্যুরিজম অ্যাসোসিয়েশন’কে। নগরীর নিজস্ব ‘ট্যুরিজম ডেভেলপমেন্ট ফান্ড’ থেকে এই অর্থের জোগান দেওয়া হবে।
পৌরসভা পরিচালনাকারী পিএসডি/সিডিএস-পিপি/আইএল জোটের উত্থাপিত প্রস্তাবটি কট্টর ডানপন্থি দল ‘শেগা’র সমর্থনে পাস হয়। প্রধান বিরোধী দল সোশ্যালিস্ট পার্টি (পিএস) ভোটদানে বিরত ছিল। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি এখন মিউনিসিপ্যাল অ্যাসেম্বলিতে পাঠানো হবে।
সিটি কাউন্সিল জানিয়েছে, লিসবনের পর্যটন বাজার স্থিতিশীল রাখা এবং ২০২৫ সালে শেষ হওয়া পূর্ববর্তী প্রচারণামূলক প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখতেই এই নতুন বরাদ্দ দেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় ডিজিটাল প্রমোশন, লক্ষ্যভুক্ত দেশগুলোতে পিআর এজেন্সি নিয়োগ, বিভিন্ন উৎসব ও সাংস্কৃতিক আয়োজন এবং ‘ফলো মি’ পর্যটক গাইড প্রকাশে অর্থায়ন করা হবে।
মূলত শুধু পর্যটকদের সংখ্যা বাড়ানোর চেয়ে উচ্চ আয়ের ও দূরপাল্লার পর্যটকদের আকৃষ্ট করার ওপর জোর দিচ্ছে এটিএল। উল্লেখ্য, ২০২৫ সালে লিসবনে রাত্রিযাপনকারী পর্যটকদের ১৬.২ শতাংশ নিয়ে একক দেশ হিসেবে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র।
তবে এত বিপুল অর্থ ব্যয়ের তীব্র সমালোচনা করেছে পর্তুগিজ কমিউনিস্ট পার্টি (পিসিপি)। লিসবনের কাউন্সিলর জোয়াও ফেরেইরা শহরের অন্যান্য জরুরি অগ্রাধিকারকে পাশ কাটিয়ে পর্যটন প্রচারে প্রায় ২৬ মিলিয়ন ইউরো ব্যয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন যে, এটিএল কর্তৃপক্ষ ‘সহজ অর্থ’ পাচ্ছে; অথচ ছোট ছোট সামাজিক সংস্থাকে সামান্য সরকারি সহায়তার জন্যও কড়া নজরদারি ও জবাবদিহিতার মুখে পড়তে হয়। উল্লেখ্য, লিসবনের মেয়র কার্লোস মোয়েদাসের সাবেক চিফ অব স্টাফ আন্তোনিও ভালে ২০২৫ সালের ডিসেম্বর থেকে এটিএল-এর নেতৃত্ব দিচ্ছেন।
এর পাশাপাশি একই তহবিল থেকে বিশ্বখ্যাত প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৬’-এর জন্য আরও ৮০ লাখ (৮ মিলিয়ন) ইউরো বরাদ্দ অনুমোদন করেছে সিটি কাউন্সিল। ২০১৮ সালের এক চুক্তি অনুযায়ী ২০১৯ থেকে ২০২৮ সাল পর্যন্ত সম্মেলনটি লিসবনে আয়োজনের অংশ হিসেবে এই বরাদ্দ দেওয়া হয়।
এ ছাড়া আগামী ৭ থেকে ১১ অক্টোবর অনুষ্ঠিতব্য ৬৭তম ‘মোডালিসবোয়া’ (ফ্যাশন সপ্তাহ)-র জন্য ৩ লাখ ইউরো এবং ২০২৭ সাল পর্যন্ত ২৫টি সাংস্কৃতিক উদ্যোগের সহায়তায় প্রায় ৮ লাখ ইউরো অনুমোদন করেছে লিসবন পৌরসভা।
