রবিবার, ২৮ই জুন, ২০২৬   |   ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগাল সরকারের নতুন নাগরিকত্ব আইনের কিছু কড়া নিয়ম ও ধারাকে চ্যালেঞ্জ করে পর্তুগিজ সরকারের বিরুদ্ধে একজোট হয়েছেন দেশটিতে বসবাসরত বিদেশী নাগরিকেরা। গত বুধবার ১,২৬০ জন বিদেশী আবেদনকারীর স্বাক্ষর করা একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দেশটির ওম্বুডসম্যান (জনগণের অধিকার রক্ষাকারী সরকারি দপ্তর)-এর দপ্তরে জমা দেওয়া হয়েছে। এই গ্রুপটির বড় অংশই মূলত পর্তুগালের অত্যন্ত ব্যয়বহুল ‘গোল্ডেন ভিসা’ বা বড় বড় আন্তর্জাতিক বিনিয়োগকারী। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এক্সপ্রেসো’ এবং ‘ইকো নিউজ’-এর বরাত দিয়ে এই চাঞ্চল্যকর আন্তর্জাতিক খবরটি সামনে এসেছে।

বিদেশী বিনিয়োগকারী ও বাসিন্দাদের পক্ষে ১০ জন অভিজ্ঞ আইনজীবীর একটি শক্তিশালী দল এই আইনি লড়াই পরিচালনা করছে। আইনি সংস্থা ‘লিবার্টি লিগ্যাল’-এর প্রধান মাডালেনা মন্তেইরো এই বিষয়ে বলেন, “ওম্বুডসম্যানের দপ্তরে অভিযোগ জমা পড়ার পর প্রতিদিন বিভিন্ন দেশের শত শত বিনিয়োগকারী আমাদের সাথে যোগাযোগ করছেন এবং এই মামলায় যুক্ত হতে চাচ্ছেন। আমরা ইতিমধ্যে দ্বিতীয় দফার অভিযোগের প্রস্তুতি নিচ্ছি। এই আইনি ও প্রশাসনিক জটিলতা প্রবাসীদের জন্য এক নরকযন্ত্রণা তৈরি করেছে।”

আবেদনকারীদের মূল আপত্তি মূলত নাগরিকত্ব পাওয়ার জন্য প্রয়োজনীয় বছরের (Years) হিসাব এবং এর সাথে যুক্ত কিছু কঠিন শর্ত নিয়ে। তাদের মতে, দেশটির রাষ্ট্রপতির অনুমোদনের পর কার্যকর হওয়া নতুন আইনের চূড়ান্ত খসড়াটি হাজার হাজার বৈধ আবেদনকারী ও গোল্ডেন ভিসা হোল্ডারদের আইনি অধিকার এবং তাদের দীর্ঘদিনের ‘বৈধ প্রত্যাশাকে’ চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অভিযোগপত্র জমা দেওয়ার পাশাপাশি এই বিদেশী নাগরিক ও আইনি বিশেষজ্ঞরা ওম্বুডসম্যানের মাধ্যমে আইনের বেশ কিছু ধারা সংশোধনের জন্য সরকারের কাছে লিখিত প্রস্তাবনাও পাঠিয়েছেন।

পর্তুগালে সাধারণত নির্দিষ্ট পরিমাণ বড় অংকের অর্থ বিনিয়োগ বা জায়গা-জমি (রিয়েল এস্টেট) ক্রয়ের মাধ্যমে ধনকুবের বিদেশীদের ‘গোল্ডেন ভিসা’ বা স্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া হয়, যা পরবর্তীতে পর্তুগিজ পাসপোর্ট বা নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করে। তবে নতুন আইনের ফলে অনেক বিনিয়োগকারীর নাগরিকত্ব পাওয়ার সময়সীমা এবং প্রক্রিয়াটি আরও জটিল হয়ে পড়েছে। আইন কঠোর করার এই রাজনৈতিক মারপ্যাঁচে ক্ষুব্ধ হয়েই শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হয়েছেন এই বিপুল সংখ্যক বিদেশী বাসিন্দা।

তথ্যসূত্র: দ্য পর্তুগাল নিউজ 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version