পর্তুগালে জাতীয় অগ্নিনির্বাপকদের তথ্যভান্ডারে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির প্রায় ৬০ হাজার অগ্নিনির্বাপকের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়েছে।
শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে পর্তুগালের জাতীয় জরুরি ও বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ (এএনইপিসি) জানায়, দেশটির জাতীয় অগ্নিনির্বাপক নিবন্ধন ব্যবস্থায় (আরএনবিপি) অননুমোদিত প্রবেশের ঘটনা শনাক্ত করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদারের অংশ হিসেবে সাময়িকভাবে সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশনটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
লুসা সংবাদ সংস্থার পাওয়া তথ্য অনুযায়ী, সাইবার হামলার মাধ্যমে হ্যাকাররা অগ্নিনির্বাপকদের নাম, নাগরিক পরিচয়পত্র নম্বর, কর শনাক্তকরণ নম্বর, সামাজিক নিরাপত্তা নম্বর, স্বাস্থ্যসেবা শনাক্তকরণ নম্বর, ড্রাইভিং লাইসেন্সের তথ্য, জন্মতারিখ, বৈবাহিক অবস্থা, ঠিকানা, ফোন নম্বর, ছবি ও রক্তের গ্রুপসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে।
পর্তুগিজ ফায়ারফাইটার্স লিগের (এলবিপি) সভাপতি আন্তোনিও নুনেস ঘটনাটি নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট তথ্যভান্ডারে প্রায় ৬০ হাজার ব্যক্তির রেকর্ড রয়েছে। তবে এতে ব্যাংক হিসাবসংক্রান্ত কোনো তথ্য সংরক্ষিত ছিল না বলে জানান তিনি।
প্রতারণার বিষয়ে সতর্কতা
সাইবার হামলার পর দেশজুড়ে আঞ্চলিক কমান্ড সেন্টার ও অগ্নিনির্বাপক বিভাগগুলোকে সতর্ক করেছে এএনইপিসি। চুরি হওয়া ব্যক্তিগত তথ্য ব্যবহার করে প্রতারণার চেষ্টা হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
তথ্য ব্যবহার করে ফিশিং হামলা, ভুয়া খুদে বার্তা, ফোনকলের মাধ্যমে প্রতারণা কিংবা ক্ষতিকর কিউআর কোড ছড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। এসবের মাধ্যমে ভুক্তভোগীদের ভুয়া ওয়েবসাইটে নিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হতে পারে।
অপ্রত্যাশিত ফোনকল, বার্তা বা ইমেইলে ব্যক্তিগত তথ্য চাওয়া হলে কিংবা কোনো লিংকে ক্লিক বা অনলাইন ফরম পূরণের অনুরোধ এলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে অগ্নিনির্বাপকদের।
সন্দেহজনক কোনো যোগাযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অগ্নিনির্বাপক বিভাগের নির্ধারিত কমান্ড কাঠামোর মাধ্যমে সেটির সত্যতা যাচাই করতে বলা হয়েছে। ব্যক্তিগত তথ্য হালনাগাদসংক্রান্ত আনুষ্ঠানিক যোগাযোগ সাধারণত প্রাতিষ্ঠানিক মাধ্যমেই পাঠানো হয় বলে জানিয়েছে এএনইপিসি।
ক্ষতিগ্রস্তদের অবহিত করা নিয়ে প্রশ্ন
পর্তুগিজ ফায়ারফাইটার্স লিগ নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাটি স্বীকার করে জানিয়েছে, তথ্যভান্ডারে নিবন্ধিত প্রত্যেক ব্যক্তিকে আলাদাভাবে এ বিষয়ে অবহিত করা উচিত ছিল।
জাতীয় অগ্নিনির্বাপক নিবন্ধন ব্যবস্থায় পর্তুগালের বিভিন্ন এলাকার অগ্নিনির্বাপকের তথ্য রয়েছে। এর মধ্যে রয়েছেন কমান্ড পর্যায়ের কর্মকর্তা, সক্রিয় অগ্নিনির্বাপক, রিজার্ভ সদস্য ও সম্মানসূচক সদস্যরা।
এএনইপিসি জানিয়েছে, তথ্যপ্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা জোরদার এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে।
তবে ঠিক কখন সাইবার হামলাটি হয়েছে, হ্যাকাররা কত দিন তথ্যভান্ডারে প্রবেশাধিকার পেয়েছিল কিংবা চুরি হওয়া তথ্য ইতিমধ্যে কোনো অপব্যবহারে ব্যবহৃত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
