জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির চাপ সামলাতে কৃষি ও মৎস্যসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিশেষ জ্বালানি ভর্তুকির মেয়াদ বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে পর্তুগাল। গত শুক্রবার এই সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো। এই সিদ্ধান্তের আওতায় কৃষি, বন, মৎস্য ও জলজ চাষ খাতগুলো আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ সরকারি সহায়তা পাবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় গত মার্চ মাসে প্রথম এই পদক্ষেপগুলো চালু করা হয়েছিল। অনুমোদিত ডিক্রি অনুযায়ী, কৃষি ডিজেলে প্রতি লিটারে ১০ সেন্ট করে ভর্তুকি দেওয়ার যে সুবিধা গত ৩০ জুনে শেষ হয়েছিল, তা পুনরায় বহাল করা হয়েছে এবং ২০২৬ সালের শেষ পর্যন্ত তা কার্যকর থাকবে।
সরকারের প্রাক্কলন অনুযায়ী, কৃষি ডিজেলের এই ভর্তুকির মেয়াদ বাড়াতে সরকারের প্রায় ১ কোটি ৫০ লাখ (১৫ মিলিয়ন) ইউরো ব্যয় হবে। পাশাপাশি মৎস্য খাতের সহায়তাও দীর্ঘায়িত করা হয়েছে। ক্রমবর্ধমান জ্বালানি খরচের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো আগেই এই মেয়াদ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
প্রেসিডেন্টের এই অনুমোদনের দিনই পর্তুগালের মহাসড়কগুলোতে শত শত ট্রাক নিয়ে ধীরগতির এক প্রতিবাদ মিছিল করেছেন মাটি কাটার কাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের চালকেরা। তাঁদের অভিযোগ, নির্মাণকাজে ব্যবহৃত ভারী যানবাহনের ক্ষেত্রে এই সরকারি জ্বালানি সহায়তার সুবিধা রাখা হয়নি।
একই সঙ্গে দেশটির জনপ্রিয় ‘গ্রিন রেল পাস’ (Passe Ferroviário Verde)-এর পরিধি বাড়াতে একটি পৃথক আইনেও অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট সেগুরো। এর ফলে এখন থেকে মাসিক এই সাশ্রয়ী পাসের আওতায় আন্তঃনগর ট্রেনের পাশাপাশি শহুরে লোকাল রেলসেবাও (আরবান রেল) অন্তর্ভুক্ত করা হবে। মূলত নাগরিকদের গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করার উদ্দেশ্যেই এই উদ্যোগটির পরিধি আরও বাড়ানো হয়েছে।
