পর্তুগালের লেইরিয়া জেলার আনসিয়াওতে ভারী যানবাহনের সঙ্গে দুটি ছোট গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
সিভিল প্রোটেকশনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম লুসা জানিয়েছে, সোমবার রাত ৯টা ৪৭ মিনিটে আইসি-৮ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে মোট সাতজন হতাহত হন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনের মধ্যে একজনকে হেলিকপ্টারে করে লেইরিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আরও একজন সামান্য আহত হন এবং একজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পর ওই এলাকায় আইসি-৮ মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত উদ্ধার ও জরুরি কার্যক্রমে ৪৩ জন কর্মী, ১৫টি স্থলযান এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল।পরে মঙ্গলবার রাত ২টা ৪৭ মিনিটে মহাসড়কটিতে আবার যান চলাচল শুরু হয়।
প্রাথমিক প্রতিবেদনে গুরুতর আহতের সংখ্যা দুইজন বলা হলেও পরে তা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে লেইরিয়া অঞ্চলের সাব-রিজিওনাল কমান্ড।


