পর্তুগালে প্লাস্টিক বোতল ও ক্যানের ওপর চালু হওয়া ‘ডিপোজিট অ্যান্ড রিফান্ড’ বা জামানত ও অর্থ ফেরত দেওয়ার বিতর্কিত ‘ভোল্টা’ ব্যবস্থা অবিলম্বে বাতিলের দাবিতে একটি নাগরিক পিটিশনে ৩৭ হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আবেদনটি বর্তমানে দেশটির জাতীয় সংসদে শুনানির অপেক্ষায় রয়েছে।
পাবলিক পিটিশন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ১৫ আগস্ট পর্তুগিজ পার্লামেন্ট (অ্যাসেম্বলি অব দ্য রিপাবলিক), সরকার এবং পরিবেশ সংস্থার কাছে এই আবেদনটি জমা দেওয়া হয়। আবেদন জমার চার দিন পর এটিকে পরিবেশ ও শক্তি বিষয়ক সংসদীয় কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। পর্তুগালের আইন অনুযায়ী, কোনো পিটিশন সংসদে আলোচনার জন্য যেখানে মাত্র ৭,৫০০টি স্বাক্ষরের প্রয়োজন হয়, সেখানে জমা দেওয়ার দিনই এতে ৩৪,২১১টি স্বাক্ষর ছিল। গত এক মাসে আরও প্রায় তিন হাজার মানুষ এই অভিযোগে স্বাক্ষর করেছেন।
পিটিশনের মূল দাবি হলো—বর্তমান ‘ভোল্টা’ ব্যবস্থা অবিলম্বে স্থগিত করতে হবে এবং এর পরিবর্তে একটি স্বচ্ছ, ন্যায্য ও প্রকৃত পরিবেশবান্ধব মডেল চালু করতে হবে। প্রথম আবেদনকারী জোয়াও পন্তেস উল্লেখ করেছেন যে এই উদ্যোগটি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নয়, এটি সাধারণ নাগরিকদের একটি স্বতঃস্ফূর্ত আবেদন।
নাগরিকদের অভিযোগ, এই ব্যবস্থার মাধ্যমে কোম্পানিগুলোর খরচের বোঝা সাধারণ ভোক্তার কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এমন সব প্রযুক্তিগত ত্রুটির জন্য ভোক্তাদের দায়ী করা হচ্ছে যা তাদের নিয়ন্ত্রণে নেই। এছাড়া এই ব্যবস্থা থেকে কারা লাভবান হচ্ছে সে বিষয়ে স্বচ্ছতার অভাব রয়েছে এবং এটি প্রকৃত পরিবেশগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। পিটিশনে বলা হয়, একটি আদর্শ পরিবেশবান্ধব ব্যবস্থার উচিত বর্জ্য কমানো ও পুনর্ব্যবহার বাড়ানো; অথচ ভোল্টা সিস্টেম প্রতিটি ধাপে ব্যর্থ হয়ে পরিবেশ নীতির ওপর থেকে জনগণের আস্থা নষ্ট করছে। এছাড়া এই ব্যবস্থার আর্থিক ও পরিবেশগত কার্যক্রমের ওপর একটি স্বাধীন অডিট দাবি করা হয়েছে।
চলতি বছরের এপ্রিল মাসে চালু হওয়া এই ব্যবস্থার অধীনে মূল ভূখণ্ড পর্তুগালসহ আজোরস ও মাদেইরায় ৩ লিটারের কম ধারণক্ষমতাসম্পন্ন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম ক্যান কেনার সময় ক্রেতাকে অতিরিক্ত ১০ সেন্ট জমা দিতে হয়। পরবর্তীতে নির্ধারিত ‘ভোল্টা’ পয়েন্টে বোতল ফেরত দিয়ে ওই ১০ সেন্ট ফেরত পাওয়া যায়।
তবে এই ব্যবস্থা চালুর পর থেকেই নানা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিশেষ করে ১০ সেন্ট ফেরতের আশায় মানুষ ট্র্যাশ বিন ও রাস্তায় ময়লার পাত্র উপুড় করে বোতল খোঁজার কারণে শহরগুলোতে চরম আবর্জনা ছড়িয়ে পড়ছে।
চলতি মাসের ১ তারিখে ব্রাসেলসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্তুগালের পরিবেশমন্ত্রী মারিয়া দা গ্রাসা কারভালহো ভোল্টা সিস্টেমের বাস্তবায়নে ত্রুটির কথা স্বীকার করেছেন। তিনি বলেন, এটি একটি জটিল ইউরোপীয় ব্যবস্থা যা সব দেশে বাধ্যতামূলক হতে যাচ্ছে এবং পর্তুগাল এটি বাস্তবায়নকারী ১৮তম দেশ। শুরুতে সব দেশেই কিছুটা বিঘ্ন ঘটেছিল। তিনি জানান, রাস্তায় বর্জ্য ছড়িয়ে পড়া এবং ময়লার স্তূপে মানুষের বোতল খোঁজার মতো সমস্যাগুলো সমাধানের জন্য পৌরসভার সঙ্গে সমন্বয় ও নজরদারি বাড়ানো হচ্ছে। এটি একটি অন্তর্বর্তীকালীন পর্যায় উল্লেখ করে মন্ত্রী আশা প্রকাশ করেন যে শিগগিরই সব সমস্যার সুরাহা হবে।
