শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬   |   ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের লিসবন বিমানবন্দর থেকে ইতালির রোমগামী রায়ানএয়ারের একটি উড়োজাহাজে বোমা হামলার হুমকি পেয়েছে দেশটির পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকালে এ হুমকি পাওয়ার পর বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়।

পর্তুগালের জননিরাপত্তা পুলিশ (পিএসপি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ফ্লাইট এফআর৮১৯৭-কে লক্ষ্য করে বোমা হামলার হুমকির তথ্য পায় তারা।

পুলিশ জানায়, উড়োজাহাজটি তখন অন্য একটি ফ্লাইট শেষে লিসবন বিমানবন্দরে অবতরণের পথে ছিল। হুমকির ধরন ও পাওয়া তথ্য বিবেচনায় নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা প্রক্রিয়া সক্রিয় করা হয়।
উড়োজাহাজটি অবতরণের পর পুলিশের বিশেষ ইউনিটের (ইউইপি) সদস্যরা তল্লাশি চালান। উড়োজাহাজ ও যাত্রীদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কোনো বস্তু বা বিস্ফোরক ডিভাইস রয়েছে কি না, তা পরীক্ষা করা হয়। পাশাপাশি, উড্ডয়নের আগে সব যাত্রী ও তাঁদের লাগেজে পুনরায় নিরাপত্তা তল্লাশি চালানো হয়।

পিএসপি জানিয়েছে, হুমকির উৎস ও এর পেছনের পরিস্থিতি শনাক্তে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এ পর্যায়ে এর বেশি তথ্য প্রকাশ করা হচ্ছে না।

পরপর বোমা হামলার হুমকি

ইউরোপে উড়োজাহাজে বোমা হামলার হুমকির ধারাবাহিক ঘটনার মধ্যে সর্বশেষ এ ঘটনা ঘটল।
গত ৩ নভেম্বর লিসবন থেকে রোমগামী রায়ানএয়ারের আরেকটি উড়োজাহাজ বোমা হামলার হুমকির কারণে রোমে জরুরি অবতরণে বাধ্য হয়।

একই দিন ডাবলিন থেকে রোমে পৌঁছানো আরেকটি উড়োজাহাজেও বোমা হামলার হুমকি পাওয়া যায়। অবতরণের আগে ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমান উড়োজাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে। তবে তল্লাশিতে কোনো বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version