বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল, ২০২৬   |   ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক অগ্রযাত্রা এখন আর কেবল শ্রমনির্ভর পেশায় সীমাবদ্ধ নেই। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট ও ট্যুরিজম খাতেও নিজেদের দৃঢ় অবস্থান তৈরি করছেন বাংলাদেশি উদ্যোক্তারা।

এই ধারাবাহিকতায় লিসবনের বাণিজ্যিক প্রাণকেন্দ্র এবং প্রবাসীদের পরিচিত এলাকা ‘মার্তিম মোনিজ’-এর কাছেই (Avenida Almirante Reis 17A) যাত্রা শুরু করেছে নতুন ফিউশন রেস্টুরেন্ট ‘আরবান টিফিন’। সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্যোক্তারা জানিয়েছেন, লিসবন বর্তমানে একটি আন্তর্জাতিক পর্যটন নগরী। এখানে বিভিন্ন সংস্কৃতির মানুষের আনাগোনা বাড়ছে, আর সেই সাথে বাড়ছে বৈচিত্র্যময় খাবারের চাহিদা। মূলত এশীয় ও ইউরোপীয় স্বাদের এক অনন্য মেলবন্ধন ঘটাতেই এই ফিউশন মেনু সাজানো হয়েছে, যা স্থানীয় পর্তুগিজ এবং পর্যটকদের কাছে বাংলাদেশের স্বাদকে নতুন আঙ্গিকে তুলে ধরবে।

প্রবাসী বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সৃজনশীল ব্যবসা শুধু কর্মসংস্থানই তৈরি করে না, বরং পর্তুগিজ সমাজের মূলধারার সাথে আমাদের সাংস্কৃতিক সেতুবন্ধনও মজবুত করে। এটি বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version