সোমবার, ২৭ই এপ্রিল, ২০২৬   |   ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের বার্সেলোনায় একটি মোবাইল ফোনের দোকানে দেয়াল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গত ২০ এপ্রিল ভোরে শহরের অ্যাভিনিদা মেরিডিয়ানা এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাত দলটি পাশের একটি ভবন থেকে দেয়াল ছিদ্র করে (যাকে স্থানীয়ভাবে ‘বুত্রোন’ পদ্ধতি বলা হয়) দোকানে প্রবেশ করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে ১৫টি স্মার্টওয়াচ ও ৭টি দামি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়।

ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকায় তল্লাশি শুরু করে এবং একপর্যায়ে রোন্ডা লিটোরালে একটি চেকপোস্টে সন্দেহভাজনদের গাড়িটি আটকে দেয়। এসময় গাড়ি থেকে পাঁচজন নেমে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতদের বয়স ২৭ থেকে ৩৯ বছরের মধ্যে। তাদের কাছ থেকে লুট করা মালামাল ছাড়াও দেয়াল কাটার ভারী ড্রিল মেশিন, গ্রাইন্ডার, গ্যাস সিলিন্ডারসহ ডাকাতির কাজে ব্যবহৃত আধুনিক নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ রেকর্ড থেকে জানা গেছে, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধে অন্তত ১৭ বার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এটি একটি পেশাদার ডাকাত দল যারা পরিকল্পিতভাবে শহরের বাণিজ্যিক কেন্দ্রগুলোতে হামলা চালায়। বর্তমানে তাদের বিরুদ্ধে চুরি ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ এনে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং দলের পঞ্চম সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: প্রবাহ বাংলা 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version