শনিবার, ২রা মে, ২০২৬   |   ১৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের মেলিয়া শহরে তরুণী ও কিশোরীদের মগজধোলাই করে জিহাদি সংগঠনে ভেড়ানোর অভিযোগে ৪০ বছর বয়সী এক স্পেনীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় পুলিশ। চাঞ্চল্যকর তথ্য হলো, এই ব্যক্তি একই ধরনের অপরাধে এর আগে পাঁচ বছর কারাদণ্ড ভোগ করেছিলেন। কিন্তু জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি আবারও পুরোনো পথেই ফিরে গেছেন বলে প্রমাণ পেয়েছে স্পেনের গোয়েন্দা সংস্থা সিএনআই।

পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, মেলিয়ার দরিদ্র এলাকার অসহায় ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা তরুণীদের টার্গেট করতেন এই ব্যক্তি। কৌশল হিসেবে তিনি সরাসরি যোগাযোগ না করে অনেক সময় মধ্যস্থতাকারী হিসেবে অন্য নারীদের ব্যবহার করতেন, যাতে তরুণীদের দ্রুত বিশ্বাস অর্জন করা যায়। বিশ্বাস অর্জনের পর ছোট ছোট ঘরোয়া বৈঠকের মাধ্যমে ইসলামের অপব্যাখ্যা দিয়ে তাদের মনে চরমপন্থী মতাদর্শ ঢুকিয়ে দেওয়া হতো।

গোয়েন্দাদের মতে, এই ব্যক্তির মূল উদ্দেশ্য ছিল নারীদের উগ্রপন্থায় দীক্ষিত করে তাদের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় ইসলামি সন্ত্রাসী সংগঠনের ক্যাম্পে পাঠিয়ে দেওয়া। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগেরবার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে চরমপন্থা থেকে ফেরানোর যে সরকারি প্রক্রিয়া চালানো হয়েছিল, তা কার্যত কোনো কাজে আসেনি।

এই ঘটনাটি স্পেনের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ করে মেলিয়া ও উত্তর আফ্রিকার সীমান্ত অঞ্চলগুলোতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। স্পেনের উচ্চ আদালত মামলাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version