সোমবার, ২৩শে মার্চ, ২০২৬   |   ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ৫ বিলিয়ন ইউরোর (প্রায় ৫.৮ বিলিয়ন ডলার) এক বিশাল সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে স্পেন সরকার। শুক্রবার এক জরুরি ক্যাবিনেট মিটিং শেষে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মোট ৮০টি পদক্ষেপ সম্বলিত এই সুরক্ষা বর্মের ঘোষণা দেন। তিনি জানান, এই যুদ্ধের ফলে স্প্যানিশ নাগরিকদের ওপর সরাসরি ৫ বিলিয়ন ইউরোর অতিরিক্ত ব্যয়ের বোঝা চেপেছে, যা লাঘব করাই সরকারের মূল লক্ষ্য।

এই বিশাল সহায়তা প্যাকেজটি স্পেনের প্রায় ২ কোটি পরিবার এবং ৩০ লক্ষ ছোট-বড় কোম্পানির উপকারে আসবে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো জ্বালানি তেলের ওপর ভ্যাট হ্রাস। পেট্রোল ও ডিজেলের ওপর ভ্যাট ২১% থেকে কমিয়ে ১০% করা হয়েছে, যার ফলে প্রতি লিটারে ৩০ সেন্ট পর্যন্ত সাশ্রয় হবে। এছাড়া প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুতের ওপর ভ্যাটও ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে বিউটেন ও প্রোপেন গ্যাসের (সিলিন্ডার গ্যাস) খুচরা মূল্য আপাতত অপরিবর্তিত বা ‘ফ্রিজ’ রাখার সিদ্ধান্ত হয়েছে।

জ্বালানি-নির্ভর বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য এই প্যাকেজে বিশেষ ছাড় রাখা হয়েছে, যার মাধ্যমে তারা প্রায় ২০০ মিলিয়ন ইউরো সাশ্রয় করতে পারবে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর সাময়িকভাবে উৎপাদন কর স্থগিত করা হয়েছে, যাতে তারা খরচ বৃদ্ধির অজুহাতে গ্রাহকদের ওপর বাড়তি বিল চাপাতে না পারে। ছিন্নমূল ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ভর্তুকি বা ‘সোশ্যাল বোনাস’ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসাথে, বকেয়া বিলের কারণে কোনো অসহায় পরিবারের গ্যাস, পানি বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা আইনিভাবে নিষিদ্ধ করা হয়েছে।

স্পেনের বামপন্থী জোটসঙ্গী ‘সুমার’ বাড়ি ভাড়া ফ্রিজ করার দাবি জানালেও প্রাথমিক ডিক্রিতে এটি নিয়ে বিতর্ক ছিল; তবে শেষ পর্যন্ত দেশজুড়ে বাড়ি ভাড়ার ওপর একটি সাময়িক স্থগিতাদেশ বা ‘টেম্পোরারি ফ্রিজ’ আরোপের প্রস্তাব রাখা হয়েছে যা পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায়। প্রধানমন্ত্রী সানচেজ এই যুদ্ধকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বলেন, স্পেন এই যুদ্ধের পক্ষে না থাকলেও নাগরিকদের সুরক্ষিত রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেবে। এই ডিক্রিটি ইতিমধ্যে স্পেনের সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে এবং শনিবার থেকে কার্যকর হতে শুরু করেছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version