ইরান-ইসরায়েল যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে সৃষ্ট তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় এক নজিরবিহীন পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। নতুন এই নিয়মে, জেট ফুয়েলের স্বল্পতা দেখা দিলে এয়ারলাইনগুলো তাদের ফ্লাইট কয়েক সপ্তাহ আগেই বাতিল করতে পারবে, কিন্তু এর জন্য বিমানবন্দরে তাদের অত্যন্ত দামী ‘টেক-অফ ও ল্যান্ডিং স্লট’ হারাতে হবে না। সাধারণ সময়ে ৮০ শতাংশ স্লট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে ‘ঘোস্ট ফ্লাইট’ (খালি বিমান চালানো) বন্ধ করতে এবং জ্বালানি সাশ্রয়ে সরকার এই শিথিলতা আনছে।
পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে যাত্রীরা শেষ মুহূর্তের বিশৃঙ্খলা থেকে রক্ষা পাবেন এবং আগেভাগেই ভ্রমণের পরিকল্পনা পরিবর্তন করতে পারবেন। তবে এই সংকট যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তার বড় দুর্বলতা ফাঁস করে দিয়েছে বলে দাবি করছে বিরোধী দলগুলো। সংকট সামাল দিতে সরকার এখন যুক্তরাষ্ট্রের বিশেষ জ্বালানি ‘Jet A’ আমদানির কথা ভাবছে এবং দেশীয় রিফাইনারিগুলোকে উৎপাদন সর্বোচ্চ করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, ফ্লাইট বাতিল হলে যাত্রীদের রিফান্ড বা বিকল্প বুকিংয়ের নিশ্চয়তা থাকলেও, এয়ারলাইনগুলো আর্থিক ক্ষতিপূরণ এড়াতে এই সংকটকে ‘অসাধারণ পরিস্থিতি’ হিসেবে গণ্য করার দাবি জানাচ্ছে।
তথ্যসূত্রঃ বিবিসি
