যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের নিয়মে বড় পরিবর্তন আনছে দেশটির সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এফ (F), জে (J) ও আই (I) ক্যাটাগরির ভিসায় থাকা শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সময়সীমা কার্যকর হবে।
ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ সার্ভিসেস (ইউএসসিআইএস) জানিয়েছে, নতুন নীতির অংশ হিসেবে অবস্থানের মেয়াদ বাড়ানো এবং কাজের অনুমতির আবেদনের জন্য সংশোধিত ফরম চালু করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে ফরম আই-৫৩৯ এবং আই-৭৬৫-এর নতুন সংস্করণ ব্যবহার বাধ্যতামূলক হবে। এরপর পুরোনো ফরমে আবেদন করলে তা গ্রহণ করা হবে না।
বাতিল হচ্ছে ‘ডিউরেশন অব স্ট্যাটাস’
নতুন নীতির সবচেয়ে বড় পরিবর্তন হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা ডি/এস সুবিধা বাতিল করা। এতদিন এফ-১ ভিসাধারীরা অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা ও নির্দিষ্ট প্র্যাকটিক্যাল ট্রেনিং শেষ করা পর্যন্ত তাদের বৈধ স্ট্যাটাস বজায় রাখতে পারতেন।
নতুন নিয়মে তাদের অবস্থানের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হবে। ফরম আই-২০-তে উল্লেখ করা কোর্সের মেয়াদ অনুযায়ী সর্বোচ্চ চার বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হবে। কোর্স শেষ হওয়ার পর দেশ ছাড়ার জন্য অতিরিক্ত ৩০ দিন সময় পাবেন শিক্ষার্থীরা।
তবে কোনো কোর্সের মেয়াদ চার বছরের বেশি হলে কিংবা নির্ধারিত সময়ের পরও যুক্তরাষ্ট্রে থাকার প্রয়োজন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিয়ম মেনে অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে।
অভিবাসন নীতিতে আরও কড়াকড়ি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে ধারাবাহিকভাবে কঠোরতা আনা হচ্ছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন এই নিয়মকেও সেই নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এফ, এম ও জে ক্যাটাগরির ভিসার যাচাই-বাছাই প্রক্রিয়ায় আরও কঠোরতা আনা হয়েছে।
ইউএসসিআইএস শিক্ষার্থী ও সংশ্লিষ্ট আবেদনকারীদের নতুন আবেদন জমা দেওয়ার আগে সংশোধিত ফরম ও সর্বশেষ নিয়মাবলি অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে ১৫ সেপ্টেম্বরের পর আবেদনকারীদের অবশ্যই নতুন সংস্করণের ফরম ব্যবহার করতে হবে।
