ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আগে তাঁকে একটি রাজকীয় বিদায় দিতেই পর্তুগালকে বিশ্বকাপ শিরোপা জেতানোর গোপন পরিকল্পনা করছে ফিফা! ঘানার এক বিতর্কিত ধর্মযাজকের এমন চাঞ্চল্যকর এবং অদ্ভুত দাবিতে বর্তমানে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র তোলপাড়, সমালোচনা ও বিতর্কের ঝড় উঠেছে। ঘানার ‘রেইন হাউস চ্যাপেল ইন্টারন্যাশনাল’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রফেট এরিক বোয়াহেন উচে এই দাবি করেছেন।
গত রবিবার নিজের গির্জায় ভক্তদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এই ভবিষ্যদ্বাণী করেন তিনি, যা পরবর্তীতে ভিডিও আকারে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। আধ্যাত্মিক জগতের বরাত দিয়ে এই আফ্রিকান যাজক দাবি করেন, “ক্রিস্টিয়ানো রোনালদোর সম্মানে পর্তুগালের হাতে ২০২৬ বিশ্বকাপ ট্রফি তুলে দিতে ফিফার ভেতরে একটি গোপন আলোচনা ও ম্যাচ পাতানোর ছক চলছে। আমি আগে কখনো জানতাম না যে ফুটবলেও এমন নোংরা রাজনীতি চলে।”
যাজক এরিক বোয়াহেন আরও দাবি করেন, এই গোপন চক্রান্ত এখনো চূড়ান্ত রূপ নেয়নি এবং তিনি আধ্যাত্মিকভাবে পুরো বিষয়টির ওপর কড়া নজর রাখছেন। নিজের অলৌকিক ক্ষমতার দাবি করে তিনি বলেন, “যখনই তারা (ফিফা কর্তারা) বৈঠকে বসে, আমার আত্মা সেখানে সশরীরে উপস্থিত থেকে সব গোপন কথা শোনে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে তারা ফুটবল রাজনীতি ব্যবহার করতে চাইছে, ঠিক যেমনটা থমাস পার্টেওর ক্ষেত্রে করা হয়েছিল।”
পর্তুগালকে নিয়ে এই বিস্ফোরক মন্তব্যের পাশাপাশি নিজের দেশ ঘানার জাতীয় ফুটবল দল ‘ব্ল্যাক স্টারস’ নিয়েও এক বিশেষ সতর্কবার্তা দিয়েছেন এই যাজক। তাঁর দাবি, আধ্যাত্মিক দিক থেকে ঘানা দল বর্তমানে অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে। তবে দেশবাসীকে আশাহত না হয়ে দলের জন্য মনভরে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর বিশ্বাস, সঠিক আধ্যাত্মিক সমর্থন ও দোয়ার মাধ্যমেই কেবল ঘানা আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করতে সক্ষম হবে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেন ও ফুটবলপ্রেমীদের মাঝে নানা ট্রল ও হাসির খোরাক জোগাচ্ছে এটি। অনেকেই বিষয়টিকে নিছক সস্তা বিনোদন হিসেবে দেখছেন, আবার ফুটবলপ্রেমীদের কেউ কেউ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে জড়িয়ে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র সমালোচনা করছেন।
তথ্যসূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস
