পর্তুগালে বাংলাদেশি অভিবাসীদের নিয়ে নেতিবাচক রাজনৈতিক প্রচারণার প্রেক্ষাপটে দেশটিতে নতুন একটি সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেন। সিনেমাটিতে পর্তুগাল ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের গল্প তুলে ধরতে চান তিনি।
রুবাইয়াত বর্তমানে তার নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর পোস্ট-প্রোডাকশনের কাজে পর্তুগালে ছিলেন। সিনেমাটিতে চিত্রগ্রহণ করেছেন পর্তুগিজ নির্মাতা ও চিত্রগ্রাহক লিওনর তেলেস। সিনেমাটি এবার ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজন্তি প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। এটি ভেনিসে প্রতিযোগিতায় নির্বাচিত প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
লিসবিসনে থাকার সময় রুয়া দো বেনফরমোসো এলাকায় ঘুরে সেখানকার বাংলাদেশি অভিবাসীদের পরিস্থিতি তার নজরে আসে। তার চোখে পড়ে, বাংলাদেশ থেকে আসা মানুষদের সেখানে এক ধরনের সন্দেহের চোখে দেখা হচ্ছে। পর্তুগালের ডানপন্থি রাজনৈতিক দল চেগা এবং দলটির নেতা আন্দ্রে ভেনতুরোর বাংলাদেশবিরোধী বক্তব্য ও ‘দিস ইজ নট বাংলাদেশ’ প্রচারণার প্রভাবও তিনি অনুভব করেন।
তবে এই প্রচারণা রুবাইয়াতের ওপর উল্টো প্রভাব ফেলে। পর্তুগালকে কেন্দ্র করে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। তার পরিকল্পিত সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্র লিসবনের একটি জাদুঘরে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী। চরিত্রটির মাধ্যমে পর্তুগাল ও বাংলাদেশের অভিন্ন ইতিহাস এবং দুই দেশের দীর্ঘ সম্পর্ক তুলে ধরতে চান নির্মাতা।
সামাজিক, লিঙ্গ ও শ্রেণিবৈষম্যের বিষয়গুলো রুবাইয়াত হোসেনের চলচ্চিত্রে বরাবরই গুরুত্বপূর্ণ। তার ২০১৯ সালের ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় পোশাক কারখানার নারী শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের সংগ্রাম উঠে এসেছিল। সিনেমাটি বাংলাদেশ, ফ্রান্স, ডেনমার্ক ও পর্তুগালের যৌথ প্রযোজনা ছিল।
এদিকে ভেনিস চলচ্চিত্র উৎসবে এবার রাজনৈতিক বক্তব্যও স্পষ্ট হয়ে উঠেছে। উৎসবের শেষ মুহূর্তের ঘোষণায় ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোরের নতুন সিনেমা ‘নাজা’ প্রদর্শনের কথা জানানো হয়েছে।
‘নাজা’র নির্মাতাদ্বয় গত বছর অস্কারজয়ী প্রামাণ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর সঙ্গে যুক্ত ইসরায়েলি-ফিলিস্তিনি চার নির্মাতার দলের অংশ। বাসেল আদরা, হামদান বাল্লাল, ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোরের নির্মিত ওই সিনেমাটি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব ও ফিলিস্তিনি জনগণের জীবনের বাস্তবতা তুলে ধরেছিল।
নতুন সিনেমা ‘নাজা’য় ইসরায়েলি সামরিক অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানি এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এ ধরনের হতাহতের বিষয়টি কীভাবে সামরিক কৌশলের অংশ হয়ে উঠেছে, তা তুলে ধরা হয়েছে।
এবারের ভেনিস উৎসবে বড় কয়েকটি হলিউড সিনেমার অনুপস্থিতিও আলোচনায় রয়েছে। এর মধ্যে রয়েছে আলেহান্দ্রো গঞ্জালেস ইন্যারিতুর ‘ডিগার’ এবং ডেভিড ফিঞ্চারের ‘দ্য অ্যাডভেঞ্চারস অব ক্লিফ বুথ’। ফলে টম ক্রুজ ও ব্র্যাড পিটের মতো তারকারাও এবারের উৎসবে অনুপস্থিত।
হলিউডের বড় তারকাদের অনুপস্থিতির মধ্যেও ভেনিসে বাংলাদেশের উপস্থিতি এবার আলাদা মাত্রা পেয়েছে। আর পর্তুগালে বাংলাদেশি অভিবাসীদের ঘিরে রুবাইয়াত হোসেনের নতুন সিনেমার পরিকল্পনা যেন মনে করিয়ে দিচ্ছে—এটিও বাংলাদেশ।


