রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬   |   ১৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লিসবন মেট্রোর মতো পর্তুগালের লিসবন ও পোর্তো মেট্রোপলিটন এলাকার সব ধরনের গণপরিবহনে স্পর্শহীন (কনট্যাক্টলেস) ব্যাংক কার্ড পাঞ্চ করে ভাড়া পরিশোধের সুবিধা চালু হতে যাচ্ছে বলে ঘোষণা করেছে দেশটির সরকার।


আজ প্রকাশিত এক বিবৃতিতে পর্তুগালের অবকাঠামো ও গৃহায়ন মন্ত্রণালয় (এমআইএইচ) জানিয়েছে, একটি সমন্বিত জাতীয় টিকিটিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে লিসবন ও পোর্তোর গণপরিবহন পরিচালনাকারী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


পরিবহন দেখভালের দায়িত্বে থাকা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক ধাপে ‘গণপরিবহনের ভ্যালিডেটরে সরাসরি অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে কনট্যাক্টলেস ব্যাংক কার্ড গ্রহণের একটি প্ল্যাটফর্ম তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে; যার ফলে যাত্রীরা চাইলে কাউন্টার বা ভেন্ডিং মেশিন থেকে আগেভাগে টিকিট কেনার ঝামেলা এড়াতে পারবেন।’ মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ‘মোবি ডট ই’ (Mobi.E)-এর মধ্যস্থতায় এই অংশীদারত্ব এমন একটি কারিগরি ভিত্তি তৈরি করবে, যা বিভিন্ন পরিবহনের টিকিটের আন্তঃব্যবহারযোগ্যতা বাড়াবে এবং ভাড়ার নতুন সমাধানের সুযোগ তৈরি করবে।


পরিবহন সংস্থাগুলোর সম্মিলিত সক্ষমতাকে কাজে লাগিয়ে এই উদ্যোগ ‘কমিশন ও অন্যান্য লেনদেন সংক্রান্ত খরচ কমাতে সাহায্য করবে এবং দেশজুড়ে আধুনিক টিকিটিং প্রযুক্তি চালুর একটি অভিন্ন ভিত্তি স্থাপন করবে।’


মোবিলিটি দপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর এক বৈঠকে মোট ছয়টি সংস্থার প্রধান নির্বাহীরা (সিইও) এই চুক্তিতে স্বাক্ষর করেন। প্রতিষ্ঠানগুলো হলো—পর্তুগিজ ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান সিপি (CP – Comboios de Portugal), মেট্রোপলিতানো দে লিসবোয়া, মেট্রো দো পোর্তো, মেট্রো মোন্দেগো, টিটিএসএল/সোফলুসা এবং জাতীয় পর্যায়ে টিকিটের আন্তঃব্যবহারযোগ্যতা প্রসারের দায়িত্বে থাকা মোবি ডট ই। এই ছয়টি কোম্পানির পাশাপাশি লিসবন মেট্রোপলিটন ট্রান্সপোর্ট (টিএমএল) এবং পোর্তো মেট্রোপলিটন ট্রান্সপোর্টের (টিএমপি) শীর্ষ নির্বাহীরাও চুক্তিতে স্বাক্ষর করেছেন।


সরকারি বিবৃতি অনুযায়ী, এই চুক্তিটি মূলত পরিচালন, প্রাতিষ্ঠানিক, টিকিটিং এবং রিয়েল-টাইম তথ্য সরবরাহের মতো একাধিক ক্ষেত্রে বিভিন্ন পরিবহন মাধ্যমের মধ্যে ‘সমন্বয় সাধনে পরিবহন অপারেটরদের একটি যৌথ প্রয়াস।’


অবকাঠামো ও গৃহায়ন মন্ত্রণালয় মনে করছে, বাস্তবভিত্তিক এই সমন্বিত উদ্যোগ যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি গণপরিবহনে আরও বেশি মানুষকে আকৃষ্ট করবে, সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ কমাবে এবং পরিবেশগত টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে।


বিবৃতিতে দেশটির অবকাঠামো ও গৃহায়নমন্ত্রী মিগুয়েল পিন্টো লুজ বলেন, ‘আমাদের মূল অগ্রাধিকার হলো গণপরিবহনের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়ানো। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের ভ্রমণকে আরও সহজ, দ্রুত, আরামদায়ক এবং নির্ভরযোগ্য করে তুলতে হবে।’

শেয়ার
মতামত দিন...

Exit mobile version