রবিবার, ২৯ই মার্চ, ২০২৬   |   ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক সংঘাতকে বিশ্ব অর্থনীতির জন্য এক ভয়াবহ ‘বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অত্যন্ত কড়া ভাষায় জানান, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এই যুদ্ধের নেতিবাচক প্রভাব বিশ্ববাজারে স্পষ্ট হয়ে উঠেছে। 

পিস্টোরিয়াস সরাসরি অভিযোগ করেছেন যে, এই যুদ্ধের শুরুতে জার্মানির মতো ঘনিষ্ঠ মিত্রদের সাথে কোনো ধরনের পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি ওয়াশিংটন। তাঁর সাফ কথা, “কেউ আমাদের কিছু জিজ্ঞেসও করেনি। এটা আমাদের যুদ্ধ নয়, তাই আমরা এতে কোনোভাবেই জড়িয়ে পড়তে চাই না।” যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকেই অবিলম্বে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি কূটনৈতিক সমাধানের ওপর সর্বোচ্চ জোর দিয়েছেন।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী আরও স্পষ্ট করেছেন যে, বর্তমানে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার চেয়েও বড় অগ্রাধিকার হওয়া উচিত যুদ্ধবিরতি। তিনি জানান, যদি কার্যকর কোনো যুদ্ধবিরতি অর্জিত হয়, তবেই কেবল জার্মানি সেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিতে আলোচনার টেবিলে বসবে। তবে বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের সামরিক জোটে অংশ নেওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন তিনি।

 পিস্টোরিয়াসের এই বক্তব্যে পরিষ্কার হয়ে উঠেছে যে, ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা নীতির বিরুদ্ধে ইউরোপের অন্যতম প্রধান শক্তি জার্মানি এখন কঠোর অবস্থানে। বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও তেলের দাম বাড়ার আশঙ্কার মাঝেই বার্লিনের এই অনড় মনোভাব আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version