অবশেষে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আনুষ্ঠানিক পরিণতি আসতে যাচ্ছে। আগামী শনিবার পর্তুগালের মাদেইরা দ্বীপে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
সম্প্রতি স্পেনের মায়োর্কায় অবকাশযাপনের সময় একটি বিলাসবহুল ইয়টে ওঠার সময় দুজনকেই হীরার আংটি পরা অবস্থায় দেখা যায়। এরপর থেকেই তাদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।
বিশ্বকাপ শেষ হওয়ার পরই বিয়ে করবেন বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। গত মাসে বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায় ঘটে, পরে শিরোপা জেতে স্পেন। এরপরই দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে সংসার শুরু করতে যাচ্ছেন এই তারকা জুটি।
প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা হবে মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। স্থানীয় রীতি অনুযায়ী, সেখানে বিয়ের অনুষ্ঠান সাধারণত বিকেল তিনটায় শুরু হয়। এরপর অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে শহরের বিলাসবহুল পাঁচতারকা স্যাভয় প্যালেস হোটেলে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে দ্য সান জানিয়েছে, স্যাভয় প্যালেস হোটেলের অতিথিদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা এবং কয়েকটি বার সাময়িকভাবে বন্ধ থাকবে। ধারণা করা হচ্ছে, বিয়ের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা এবং অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে খবর ছড়িয়েছিল, পর্তুগালের সিন্ত্রা শহরের বিখ্যাত কুইন্তা দা রেগালেইরা এস্টেটে এ সপ্তাহান্তেই বিয়ে করবেন রোনালদো ও জর্জিনা। তবে পরে জানা যায়, নির্ধারিত সময়জুড়ে এস্টেটটি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এরপরই সেই গুঞ্জন থেমে যায় এবং নতুন করে মাদেইরায় বিয়ের আয়োজনের তথ্য সামনে আসে।
রোনালদোর কাছে মাদেইরা শুধু বিয়ের ভেন্যুই নয়, জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক আবেগের জায়গা। আজ বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ হলেও তাঁর শৈশব ছিল সংগ্রামের। ভাইবোনদের সঙ্গে একটি ছোট ঘর ভাগাভাগি করে থাকতে হতো তাঁকে। মাত্র ১১ বছর বয়সে পরিবার ছেড়ে স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দিতে লিসবনে চলে যান তিনি। তাই জন্মভূমিতে ফিরে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি উদ্যাপনের সিদ্ধান্ত তাঁর জন্য বাড়তি আবেগেরও।
ফুনচাল শহরেও ছড়িয়ে আছে রোনালদোর স্মৃতি। এখানেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। শহরে তাঁর সম্মানে রয়েছে একটি ব্রোঞ্জের ভাস্কর্য। এমনকি তাঁর নামে একটি হোটেলও রয়েছে, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ২০১৬ সালে একটি বিলাসবহুল ফ্যাশন স্টোরে কাজ করার সময় জর্জিনার সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় থেকেই শুরু হয় প্রেম। দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন পর্তুগিজ এই মহাতারকা। এবার সেই প্রেমই পেতে যাচ্ছে আনুষ্ঠানিক স্বীকৃতি।
