বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬   |   ২৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করেছে মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া। সোমবার থেকে রাজধানী ভিয়েনাসহ দেশজুড়ে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

গত ডিসেম্বরে অস্ট্রিয়ার পার্লামেন্টে ১৪ বছরের কম বয়সী মেয়ে শিক্ষার্থীদের স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করার বিল পাস হয়। বিলটির পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছিল, হিজাব মেয়েদের স্বাধীনতার পরিপন্থি। ভোটের সময় ক্ষমতাসীন জোট সরকারের তিন শরিক দলের প্রায় সব এমপি বিলটির পক্ষে ভোট দেন।

বিলটি পাসের পর এর প্রতিবাদ জানায় অস্ট্রিয়ার মুসলিমদের সংগঠন ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া (আইজিজিও)। সংগঠনটির দাবি ছিল, নতুন আইনটি দেশটির সংবিধানে স্বীকৃত মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

আইজিজিও নতুন আইনকে চ্যালেঞ্জ করে অস্ট্রিয়ার সাংবিধানিক আদালতে আবেদন করেছিল। তবে গত জুলাইয়ে আদালত সেই আবেদন খারিজ করে দেন। আদালত বলেন, নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে—এমন কোনো কিছু অস্ট্রিয়ার সংবিধান সমর্থন করে না।

সোমবার অস্ট্রিয়ার জাতীয় টেলিভিশন চ্যানেল ওআরএফকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির শিক্ষামন্ত্রী বলেন, পার্লামেন্টে বিলটি উত্থাপনের আগে সরকার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করেছে এবং আইনটি যাতে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।

এদিকে নতুন আইন নিয়ে সরকারের সমালোচনা করেছে অস্ট্রিয়ার বামপন্থী দলগুলো। তারা এর প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version