সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬   |   ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ইউরোপের একটি রাজপরিবারে বিয়ে করতে যাচ্ছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে খবরটি ‘ভুল ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পিপিপি।

গত শনিবার (২৯ আগস্ট) রাতে করাচির মেয়র ও পিপিপি নেতা মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিলাওয়ালের বাগদান ও বিয়েসংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলে জানান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ছেলের বিয়ে নিয়ে আলোচনা এবং বিয়ের তারিখ চূড়ান্ত করতে ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লিচটেনস্টাইনে গেছেন। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মধ্যবর্তী স্থলবেষ্টিত সার্বভৌম রাষ্ট্র লিচটেনস্টাইন।

গুঞ্জনের একপর্যায়ে দাবি করা হয়, বিলাওয়ালের সম্ভাব্য কনে ২৬ বছর বয়সী সাবেক অস্ট্রিয়ান আর্চডাচেস গ্লোরিয়া ভন হ্যাবসবার্গ। তিনি অস্ট্রিয়ার আর্চডিউক কার্ল ও ফ্রান্সেস্কা ভন থাইসেন-বর্নেমিসার মেয়ে এবং হ্যাবসবার্গ-লোরেন রাজবংশের সদস্য।

পাকিস্তানের উর্দু দৈনিক ডেইলি আওসাফও অজ্ঞাত সূত্রের বরাতে বিলাওয়ালের বিয়ের প্রস্তুতি চলছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়, এ বিষয়ে প্রেসিডেন্ট জারদারি ব্যক্তিগত সফরে ইউরোপে অবস্থান করছেন। পরে অবশ্য প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় এক্সে জানায়, জারদারি ব্যক্তিগত সফরে বিদেশে গেছেন। তবে তাঁর সফরের উদ্দেশ্য বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে বিলাওয়াল বা তাঁর পরিবারের পক্ষ থেকে বিয়ের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পিপিপির পক্ষ থেকে খবরটি অস্বীকার করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।


শেয়ার
মতামত দিন...

Exit mobile version