বিশ্বজুড়ে জ্বালানির ক্রমবর্ধমান দামের চাপ থেকে পরিবারগুলোকে সুরক্ষা দিতে হিটিং বা গৃহ উষ্ণ রাখার ভাতা ৩০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে গ্রিস সরকার। একই সঙ্গে পেট্রল পাম্পে হিটিং অয়েলের (জ্বালানি তেল) দামে ভর্তুকি দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।
গ্রিসের অর্থমন্ত্রী এবং ইউরোজু্রোডের প্রেসিডেন্ট কিরিয়াকোস পিয়েরাডাকাকিস এই ৩০ শতাংশ ভাতা বাড়ানোর ঘোষণা দেন।
তিনি বলেন, ‘একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে, যখন জ্বালানি সংকট বিশ্বজুড়ে পরিবারগুলোর সহনশীলতা পরীক্ষা করছে, তখন আমাদের প্রধান অগ্রাধিকার হলো পরিবারগুলোর ওপর থেকে আর্থিক চাপ কমানো। এ কারণেই আমরা হিটিং অয়েলের জন্য দ্বিমুখী সহায়তার উদ্যোগ নিয়েছি: পাম্পে সরাসরি ভর্তুকি, যা তাৎক্ষণিকভাবে দাম কমিয়ে দেবে; এবং গত বছরের তুলনায় হিটিং অ্যালাউন্স ৩০ শতাংশ বৃদ্ধি, যা দেশের শত শত পরিবারকে এই সহায়তা প্রদান করবে।’
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলো বুধবার এই সহায়তামূলক ব্যবস্থার বিস্তারিত বিবরণ তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গ্রিস ইইউর ব্যয় সংক্রান্ত নিয়মগুলো কিছুটা শিথিল করার আহ্বান জানিয়েছিল, যাতে ক্রমবর্ধমান জ্বালানি খরচের হাত থেকে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তার জন্য সরকারগুলোর হাতে পর্যাপ্ত সুযোগ থাকে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর ইউরোপের অন্যান্য দেশের সরকারগুলোও চালকদের ওপর থেকে আর্থিক চাপ কমানোর চেষ্টা করছে। উচ্চ মূল্যের প্রভাব কমাতে বেশ কয়েকটি ইইউ দেশ কর ছাড় ও ভর্তুকি চালু করেছে। এর অংশ হিসেবে জার্মানি গত ১ অক্টোবর থেকে পেট্রল ও ডিজেলে প্রতি লিটারে ১৭ সেন্ট সাময়িক কর ছাড় দিয়েছে এবং স্পেন তাদের বিদ্যমান জ্বালানি কর ছাড়ের মেয়াদ বাড়িয়েছে। এই দেশ দুটির নেওয়া এসব পদক্ষেপ আগামী ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
