শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬   |   ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তজনা বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ছায়া ফেলেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এর প্রধান ফাতিহ বিরোল সতর্ক করেছেন যে, ইউরোপের হাতে এখন মাত্র প্রায় ছয় সপ্তাহের বিমান জ্বালানি (জেট ফুয়েল) মজুদ রয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে খুব শিগগিরই বড় ধরনের ফ্লাইট বাতিলের কবলে পড়তে পারে ইউরোপীয় দেশগুলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিরোল এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়া এই সংকটের মূল কারণ। বিশেষ করে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় এটিকে ইতিহাসের অন্যতম বৃহত্তম জ্বালানি সংকট হিসেবে দেখছেন তিনি।

জ্বালানি ফুরিয়ে এলে ইউরোপের বিমান চলাচল ব্যবস্থা ভেঙে পড়তে পারে, যার ফলে হাজার হাজার ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। 

সংকটের প্রভাব কেবল ইউরোপেই সীমাবদ্ধ থাকবে না; এটি বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দেবে এবং চরম মূল্যস্ফীতি সৃষ্টি করবে। বিরোলের মতে, এই রুটটি বাধাগ্রস্ত হওয়া মানে বিশ্ব জ্বালানি বাজারের রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া।

ফাতিহ বিরোল সতর্ক করে বলেন, পরিস্থিতি এখন অত্যন্ত সংকটময় এবং সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব এক নজিরবিহীন মন্দার মুখে পড়তে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, আইইএ-র এই সতর্কতা দ্রুত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিকল্প রুট খুঁজে বের করতে বিশ্ব নেতাদের ওপর চাপ সৃষ্টি করবে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version