ইউরোপজুড়ে সক্রিয় একটি শক্তিশালী মানবপাচারকারী চক্র ভেঙে দিয়েছে বেলজিয়াম পুলিশ। বুধবার বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অফিস জানিয়েছে, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং জার্মানি জুড়ে একযোগে অভিযান চালিয়ে এই সাফল্য পাওয়া গেছে। অভিযানে পাচার কাজে ব্যবহৃত নৌকা, শক্তিশালী ইঞ্জিন, লাইফ জ্যাকেট, বিপুল পরিমাণ নগদ অর্থ এবং অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
এই অভিযানে জড়িত থাকার সন্দেহে জার্মানি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তদের বেলজিয়ামে প্রত্যর্পণ করা হবে এবং সে দেশের ব্রুজ শহরে তাদের বিচারকার্য সম্পন্ন হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে অভিবাসী পাচারের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মঙ্গলবারই ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা (ইউরোপোল) অভিবাসী পাচারের বিরুদ্ধে লড়াই আরও জোরালো করতে একটি নতুন বিশেষায়িত কেন্দ্র চালু করেছে। ইউরোপোল এক বিবৃতিতে জানিয়েছে, এই কেন্দ্রের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি, তথ্য বিশ্লেষণ এবং অপারেশন পরিচালনায় আরও শক্তিশালী ভূমিকা পালন করা সম্ভব হবে। এর ফলে বড় ধরনের আন্তর্জাতিক অপরাধী চক্রগুলো শনাক্ত করা এবং তাদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়া অনেক সহজ হবে।
ইউরোপোল আরও জানায় যে, গত ১৮ ও ১৯ মার্চ পরিচালিত ‘ডিজিটাল অ্যাকশন ডে’-তে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সক্রিয় পাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। এই অভিযানে প্রায় এক হাজার নতুন তদন্তের সূত্র পাওয়া গিয়েছে এবং পাচারকারী চক্রের ১০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য বা ‘কী টার্গেট’ চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক এই সমন্বিত প্রচেষ্টাকে মানবপাচার রোধে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
