বুধবার, ৬ই মে, ২০২৬   |   ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়িক মন্দা কাটিয়ে উঠতে এবং ক্রমবর্ধমান খরচ কমাতে ইউরোপজুড়ে বড় ধরনের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান। এর অংশ হিসেবে ইউরোপের বিভিন্ন শাখা থেকে ১০ শতাংশ বা প্রায় ৯০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে তারা। একই সঙ্গে যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড প্ল্যান্টের একটি গুরুত্বপূর্ণ উৎপাদন লাইন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নিসান জানিয়েছে, মূলত বাজার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে ব্যবসায়িক মুনাফা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সান্ডারল্যান্ড প্ল্যান্টে বর্তমানে লিফ, জুক এবং কাশকাই মডেল তৈরির দুটি আলাদা লাইনকে একত্রিত করে একটিতে নামিয়ে আনা হবে, তবে এর ফলে কারখানার মূল উৎপাদন কর্মীদের চাকরি হারানোর ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে প্রতিষ্ঠানটি।

নিসানের এই ছাঁটাই প্রক্রিয়াটি মূলত ইউরোপজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক ৯০০টি পদের ওপর কার্যকর হবে। এর মধ্যে যুক্তরাজ্যভিত্তিক অফিসগুলোর ৫০ জনেরও কম কর্মী রয়েছেন। এছাড়া স্পেনের বার্সেলোনায় নিসানের একটি গুদামও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিসানের এই পিছুটান ইউরোপের বাজারে অন্য এক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সান্ডারল্যান্ড প্ল্যান্টের একটি লাইন বন্ধ হয়ে যাওয়ায় সেখানে এখন চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘চেরি’-এর সাথে আলোচনা চালাচ্ছে নিসান। ২০২৪ সাল থেকে যুক্তরাজ্যের বাজারে দ্রুত জনপ্রিয় হওয়া চেরির ‘জেকু’ এবং ‘ওমোডা’ ব্র্যান্ডের গাড়িগুলো এখন সান্ডারল্যান্ডের এই খালি হওয়া জায়গায় তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

উল্লেখ্য যে, চীনা প্রতিষ্ঠান চেরি ইতিমধ্যে বার্সেলোনায় নিসানের একটি পুরনো প্ল্যান্টে গাড়ি সংযোজনের কাজ শুরু করে সফল হয়েছে। এখন যুক্তরাজ্যেও নিজস্ব ম্যানুফ্যাকচারিং বেস তৈরিতে নিসানের এই খালি হওয়া জায়গাটি তারা ব্যবহার করতে পারে। অটোমোবাইল বিশ্লেষকদের মতে, জাপানি নিসানের এই কৌশলগত সংকোচন এবং চীনা চেরির আগ্রাসী সম্প্রসারণ ইউরোপের গাড়ি বাজারে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। নিসান তাদের ভবিষ্যৎ ইলেকট্রিক ভেহিক্যাল প্রজেক্টে মনোযোগ দিতেই মূলত এই পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত করছে।

তথ্যসূত্র: বিবিসি

শেয়ার
মতামত দিন...

Exit mobile version