“শক্তি, ঐক্য, সেবা” এই তিন মূলমন্ত্রকে ধারণ করে পর্তুগালে বসবাসরত নারায়ণগঞ্জ প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘নারায়ণগঞ্জ কমিউনিটি ইন পর্তুগাল’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান। গত রবিবার লিসবনের মার্তিম মনিজ সংলগ্ন বেনফামোসোর একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এই মিলনমেলায় প্রবাসের যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে সমবেত হয়েছিলেন নারায়ণগঞ্জের অসংখ্য প্রবাসী। অনুষ্ঠানটি মুহূর্তেই এক খণ্ড নারায়ণগঞ্জের আমেজে রূপ নেয়।
সংগঠনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাব্বির আহাম্মেদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি এস এম গোলাম সারোয়ার। আলোচনা সভায় প্রধান অতিথি প্রবাসে এমন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ার উদ্যোগকে সাধুবাদ জানান এবং প্রবাসীদের যেকোনো আইনি বা প্রশাসনিক প্রয়োজনে দূতাবাসের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভাপতির বক্তব্যে আব্দুর রহমান সংগঠনের প্রথম বছরের সাফল্যগাথা তুলে ধরে বলেন, “আমরা পর্তুগালে নারায়ণগঞ্জের মানুষের বিপদে-আপদে ছায়ার মতো পাশে থাকতে চাই এবং এই ঐক্যই প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাইনুল ইসলাম ও রমজান মিয়া, সাধারণ সম্পাদক সাইদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম, সদস্য শাহরিয়ার, শিহাব, আক্তার হোসেনসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। আনুষ্ঠানিক আলোচনা সভা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে নৈশভোজের ফাঁকে প্রবাসীরা একে অপরের সাথে কুশল বিনিময় ও শৈশবের স্মৃতি রোমন্থন করেন। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসের কর্মব্যস্ত জীবনে নিজেদের শেকড়ের সাথে যুক্ত থাকতে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
