রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬   |   ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের সরকারি স্বাস্থ্যসেবায় কর্মরত চিকিৎসকদের ড্রাইভিং লাইসেন্স নেওয়া বা নবায়নের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সনদ দিতে অস্বীকৃতি জানানোর অধিকার রয়েছে। বিবেকগত বা কারিগরি আপত্তির ভিত্তিতে তারা এমন সিদ্ধান্ত নিতে পারেন।

এসআইসি ভেরিফিকার তথ্য যাচাই প্রকল্পকে পর্তুগালের মেডিকেল অ্যাসোসিয়েশন দেওয়া ব্যাখ্যায় এ তথ্য জানানো হয়েছে।

পেশাটির নৈতিক বিধিমালায় চিকিৎসকদের এই অধিকার সুরক্ষিত রয়েছে। কোনো চিকিৎসা সনদ দেওয়ার বিষয়টি চিকিৎসকের নৈতিক, নীতিগত বা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হলে, অথবা তিনি মনে করলে যে তার পেশাগত সিদ্ধান্তের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে, তিনি সনদ দিতে অস্বীকৃতি জানাতে পারেন। তবে এ ক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে লিখিতভাবে কারণ জানাতে হবে।

সাধারণ ও পারিবারিক চিকিৎসাবিদ্যার কলেজের প্রকাশিত একটি মতামতেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে। একই প্রতিবেদনে অন্তর্ভুক্ত ওই মতামতে বলা হয়েছে, কোনো ব্যক্তির গাড়ি চালানোর উপযুক্ততা নির্ধারণের ক্ষেত্রে তৃতীয় পক্ষের জন্য সম্ভাব্য ঝুঁকিও বিবেচনা করতে হয়। বিশেষ করে জটিল সামাজিক পরিস্থিতিতে এ মূল্যায়ন গুরুত্বপূর্ণ।

চিকিৎসা সনদ দিতে অস্বীকৃতি জানানো বা সনদ দেওয়ার ক্ষেত্রে শর্ত আরোপের সঙ্গে নৈতিক ও পেশাগত দ্বন্দ্বও জড়িত। কারণ, এমন সিদ্ধান্ত রোগী ও চিকিৎসকের মধ্যে দীর্ঘদিনের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে।

এ কারণে পর্তুগালের মেডিকেল অ্যাসোসিয়েশনের অবস্থান হলো, কোনো ব্যতিক্রম ছাড়াই চিকিৎসকদের এ ধরনের সনদ দিতে বাধ্য করা উচিত নয়।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version