শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬   |   ২৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহারযোগ্য করতে পর্তুগালের ‘ভোল্টা’ মডেলের মতো দেশব্যাপী বাধ্যতামূলক ‘ডিপোজিট-রিফান্ড’ ব্যবস্থা চালুর পরিকল্পনা বাতিল করেছে ফ্রান্স। গত মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়ে ফরাসি কর্তৃপক্ষ বলেছে, কেন্দ্রীয় নিয়মের বদলে এখন থেকে দেশের প্রতিটি অঞ্চল তাদের স্থানীয় চাহিদা ও সক্ষমতা অনুযায়ী নিজস্ব রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তুলতে পারবে।

স্থানীয় প্রশাসন, পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং রিসাইক্লিং খাতের প্রতিনিধিদের সঙ্গে তিন মাস ধরে চলা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট মনে করেছিলেন এই ব্যবস্থার মাধ্যমে বোতল ও মোড়ক সংগ্রহ এবং পুনর্ব্যবহার বাড়ানো সম্ভব হবে; তবে শেষ পর্যন্ত প্রস্তাবটি বাস্তবায়িত হচ্ছে না। দেশটির সিটি কাউন্সিলগুলোর দাবি ছিল, এই ব্যবস্থা চালু হলে পৌরসভাগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে ফরাসি স্থানীয় প্রশাসন নিজস্ব পাবলিক বাছাই কেন্দ্র ও রিসাইক্লিং পয়েন্টগুলোর আধুনিকায়নে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘পাবলিকো’র বরাতে জানা যায়, ‘আমর্স’-সহ একাধিক ফরাসি পৌর অ্যাসোসিয়েশন যুক্তি দেখিয়েছে যে বর্জ্যের জন্য সরাসরি আর্থিক সুবিধা চালু করলে তা পরিবেশ সুরক্ষায় নাগরিকদের স্বেচ্ছায় বর্জ্য আলাদা করার মনোভাবকে ক্ষুণ্ণ করবে। প্রস্তাবিত মডেলে ইউরোপের অন্যান্য দেশের মতো পানীয় কেনার সময় ক্রেতাকে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ আগাম জমা দিতে হতো এবং খালি বোতল নির্দিষ্ট বুথে ফেরত দিয়ে তা বুঝে পাওয়ার কথা ছিল।

দেশব্যাপী বাধ্যতামূলক এই নিয়ম থেকে সরে এলেও ২০৩০ সালের মধ্যে ৫৫ শতাংশ প্লাস্টিক রিসাইক্লিংয়ের জাতীয় লক্ষ্যমাত্রা বজায় রেখেছে ফ্রান্স। বর্তমানে দেশটিতে এই খাতে আঞ্চলিক পর্যায়ে বড় ধরনের বৈষম্য রয়েছে; সেখানে প্রায় ২৩০টি আন্তঃপৌর এলাকায় প্লাস্টিক সংগ্রহের হার ইতোমধ্যে ৭৭ শতাংশে পৌঁছেছে।

এদিকে ফ্রান্সে যখন এই পরিকল্পনা বাতিল করা হলো, তখন পর্তুগালে একই ধরনের ‘ভোল্টা’ ব্যবস্থা নানা জটিলতার মুখে পড়েছে। চলতি বছরের ১০ এপ্রিল দক্ষিণ ইউরোপে পরিবেশবান্ধব নীতি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু বর্তমানে মেশিন বিকল থাকা এবং রাস্তায় যত্রতত্র আবর্জনা ছড়িয়ে পড়ার মতো নতুন সমস্যার মুখোমুখি হচ্ছে পর্তুগাল।

সুপারমার্কেটগুলোতে থাকা স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিনগুলো প্রায়ই ধারণক্ষমতার অতিরিক্ত বর্জ্যের কারণে অচল হয়ে পড়ায় পর্তুগিজ ভোক্তাদের কাছ থেকে প্রচুর অভিযোগ আসছে। এর পাশাপাশি প্রতিটি বোতল বা ক্যানের ওপর ১০ সেন্টের রিফান্ড মূল্য থাকায় শহরগুলোতে এক অপ্রত্যাশিত বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ভোল্টা লেবেলযুক্ত বোতল বা ক্যানের খোঁজে মানুষ রাস্তার হলুদ রিসাইক্লিং বিন ও সাধারণ ময়লার পাত্র থেকে আবর্জনা রাস্তায় উল্টে ফেলে দিচ্ছে। গণপরিসরে ছড়িয়ে পড়া এই আবর্জনা সামলাতে সিটি কাউন্সিলগুলোকে বেশ বেগ পেতে হচ্ছে।

গত সেপ্টেম্বরে পর্তুগালের পরিবেশমন্ত্রী মারিয়া দা গ্রাসা কারভালহো প্রকাশ্যে এই প্রকল্পের সীমাবদ্ধতা ও দুর্বলতার কথা স্বীকার করেন। তিনি জানান, পর্যাপ্ত ড্রপ-অফ পয়েন্টের ঘাটতিই এই সমস্যার অন্যতম কারণ। সংকট কাটাতে তিনি বড় আকারের মেশিন স্থাপনসহ মেশিনের সংখ্যা বাড়ানো এবং পুরো ব্যবস্থায় নজরদারি জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন

শেয়ার
মতামত দিন...

Exit mobile version