ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত একটি মার্কিন ব্যাংক ভবনের সামনে ভয়াবহ বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে দেশটির পুলিশ। শনিবার ভোরে ‘ব্যাংক অফ আমেরিকা’র একটি শাখার সামনে থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা হাতে তৈরি শক্তিশালী বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ফ্রান্সের সন্ত্রাসবাদ বিরোধী প্রসিকিউটর অফিস ইতিমধেই এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে।
শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে প্যারিসের অষ্টম অ্যারোন্ডিসমেন্টের রুডিলা বোয়েটি এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাটি বিখ্যাত শঁজ-এলিজে থেকে মাত্র কয়েক গলি দূরে অবস্থিত। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ওই ব্যক্তি ৫ লিটার তরল দাহ্য পদার্থ এবং একটি ইগনিশন সিস্টেম বা অগ্নিসংযোগকারী যন্ত্র দিয়ে তৈরি বোমাটি ব্যাংকের সামনে স্থাপন করার পরপরই পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ জানিয়েছেন, প্যারিস জুডিশিয়াল পুলিশ এবং দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ডিজেএসআই যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে। নুনিয়েজ পুলিশের দ্রুত তৎপরতার প্রশংসা করে বলেন, “বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলোতে অভ্যন্তরীণ সতর্কতা বৃদ্ধি করা হয়েছে।” তিনি আরও যোগ করেন যে, ফ্রান্সে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা বজায় রাখা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে ইউরোপের বিভিন্ন দেশে কড়া নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে মার্কিন ও আন্তর্জাতিক স্থাপনাগুলোতে হামলার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীগুলোকে সদা প্রস্তুত রাখা হয়েছে। প্যারিসের এই ঘটনাটি সেই উচ্চ সতর্কতারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
