ইতালির কারাগারগুলোতে উপচে পড়া বন্দি সংখ্যা ও ক্রমবর্ধমান চাপ কমাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এখন থেকে অন্তত ১৩,৭০০ জন মাদক ও অ্যালকোহল আসক্ত বন্দি কারাগারে থাকার বদলে বাড়িতে থেকে সাজা ভোগের অনুমতি পাবেন। বুধবার ইতালির পার্লামেন্টে ১৫৩-৪২ ভোটে এ সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদিত হয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তকে ‘একাধিক ফ্রন্টে বিজয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এই পদক্ষেপের ফলে কারাগারের চাপ কমার পাশাপাশি আসক্ত বন্দিদের পুনর্বাসনেও বড় ভূমিকা রাখবে। তবে অপরাধের বিষয়ে সাধারণত কঠোর অবস্থানের জন্য পরিচিত মেলোনি ও তাঁর দল ‘ব্রাদার্স অব ইতালি’ আগামী নির্বাচনের আগে নিজ শিবিরের ডানপন্থীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সাবেক সেনাপ্রধান রবার্তো ভানাসির নেতৃত্বাধীন দল ‘ফুতুরো নাজিওনালে’ মেলোনির বিরুদ্ধে অপরাধ ও অভিবাসন ইস্যুতে নমনীয় হওয়ার অভিযোগ তুলেছে।
ইতালির বিচারমন্ত্রী কার্লো নর্দিও জানিয়েছেন, বর্তমানে দেশটির কারাগারে প্রায় ৬৫ হাজার বন্দি রয়েছেন। নতুন আইনের অধীনে ১০ হাজারেরও বেশি মাদকাসক্ত এবং ৩,৭০০ জন অ্যালকোহল আসক্ত বন্দি উপকৃত হবেন।
তবে বন্দি অধিকার সংস্থা ‘অ্যান্টিগোন’ এই পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করে জানিয়েছে, মুক্তির বিষয়টি অনেকগুলো শর্তের ওপর নির্ভরশীল এবং বরাদ্দকৃত অর্থ দিয়ে বাস্তবে ৬০০ জনের কম বন্দির পুনর্বাসন সম্ভব। অন্যদিকে ক্ষমতাসীন দলের এমপিদের মতে, আসক্তির চিকিৎসা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এসব বন্দির আবারও অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমে আসবে।
তথ্যসূত্র: দ্য বিসনেস স্ট্যান্ডার্ড
