রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬   |   ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির বন্দরনগরী নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাপুর গ্রামের প্রামাণিক বাড়ির নশু প্রামাণিকের একমাত্র সন্তান।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হন শরিফুল। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য নেওয়ার পর পুলিশ শরিফুলের মরদেহ উদ্ধার করে নিকটস্থ হাসপাতালের মর্গে পাঠায়।

তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে মাত্র কয়েক মাস আগে ইতালিতে পাড়ি জমান শরিফুল। তিনি নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় একটি সরকারি আশ্রয়কেন্দ্রে থাকতেন।

শরিফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। মাত্র ১৯ বছর বয়সে প্রবাসের মাটিতে তার অকালমৃত্যুতে মিঠাপুর গ্রাম ও ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতেও শোকের আবহ সৃষ্টি হয়েছে।

এদিকে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version