বৃহস্পতিবার, ১৯ই মার্চ, ২০২৬   |   ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ সালের অস্কার অনুষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনে শেষ হলেও একটি বিশেষ অংশ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। সিনেমার প্রয়াত তারকাদের শ্রদ্ধা জানানোর নিয়মিত খণ্ড ‘ইন মেমোরিয়াম’-এ ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি ব্রিজিত বার্দোকে অন্তর্ভুক্ত না করায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। গত বছরের ২৮ ডিসেম্বর ৯১ বছর বয়সে এই আইকনিক অভিনেত্রীর মৃত্যু হয়।

বিশ্লেষক এবং ভক্তদের একাংশের ধারণা, বার্দোর পরবর্তী জীবনের কট্টর ডানপন্থী রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন সময়ের বিতর্কিত মন্তব্যের কারণে একাডেমি তাকে মূল শ্রদ্ধাঞ্জলি থেকে সরিয়ে রেখেছে। টেলিভিশন সম্প্রচারে তাকে না দেখালেও একাডেমির অফিসিয়াল ওয়েবসাইটের দীর্ঘ তালিকায় অবশ্য তার নাম রাখা হয়েছে। তবে মূল অনুষ্ঠান থেকে এমন একজন বৈশ্বিক তারকাকে বাদ দেওয়া মেনে নিতে পারছেন না অনুরাগীরা।

কেবল ব্রিজিত বার্দো নন, এবারের ‘ইন মেমোরিয়াম’ থেকে বাদ পড়েছেন ‘ডসনস ক্রিক’ খ্যাত জেমস ভ্যান ডার বিক এবং ১৯৭১ সালের ক্লাসিক সিনেমা ‘হ্যারল্ড অ্যান্ড মড’-এর তারকা বাড কর্ট। বড় পর্দার এই তারকাদের অনুপস্থিতি দর্শকদের হতাশ করেছে।

বিতর্কের পাশাপাশি এবারের আসরে বেশ কিছু আবেগঘন মুহূর্তও ছিল। অভিনেতা ও পরিচালক রব রেইনার এবং তাঁর স্ত্রী প্রযোজক মিশেল রেইনারকে বিশেষ শ্রদ্ধা জানানো হয়। এছাড়া কিংবদন্তি শিল্পী বারবারা স্ট্রাইস্যান্ড তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহ-শিল্পী রবার্ট রেডফোর্ডকে গান গেয়ে শ্রদ্ধা জানান।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version