শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬   |   ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গত বুধবারের ২৪ ঘণ্টার সর্বাত্মক কর্মবিরতিতে পুরো পাতালরেল ব্যবস্থা অচল হয়ে পড়ার পর চলতি মাসের শেষ দিকে আবারও দুই দফা ধর্মঘটের মুখে পড়তে যাচ্ছেন পর্তুগালের রাজধানী লিসবনের মেট্রো যাত্রীরা।

আগামী ২৮ অক্টোবর (বুধবার) এবং ৩০ অক্টোবর (শুক্রবার)—এই দুই দিন ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত আংশিক ধর্মঘটের আনুষ্ঠানিক নোটিশ দিয়েছেন মেট্রো কর্মচারীরা। শুক্রবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে মেট্রোপলিতানো দে লিসবোয়া কর্তৃপক্ষ।

গত ১৪ অক্টোবরের ধর্মঘটে মেট্রো পুরোপুরি বন্ধ থাকলেও এবার কিছু ট্রেন চলার সম্ভাবনা রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মঘটের কারণে জনভোগান্তি কমাতে এবং কর্মীদের ধর্মঘটের অধিকারের প্রতি সম্মান জানিয়ে তারা বাধ্যতামূলক ‘ন্যূনতম সেবা’ বজায় রাখার নির্দেশ চেয়ে আরবিট্রেশন আদালতের দ্বারস্থ হবে।

এই কর্মবিরতি মূলত সকালের ব্যস্ত সময়টিকে (পিক আওয়ার) মারাত্মকভাবে ব্যাহত করবে। সাধারণত লিসবন মেট্রো সকাল সাড়ে ৬টায় যাত্রা শুরু করে। ফলে কর্মীদের ভোর ৫টা থেকে ১০টা পর্যন্ত ধর্মঘটের কারণে দিনের শুরুর গুরুত্বপূর্ণ সময়ে মেট্রো চলাচলে বড় ধরনের অচলাবস্থা তৈরি হবে।

গত বুধবারের ধর্মঘটের পেছনে থাকা পুরোনো শ্রম বিরোধের জের ধরেই এই নতুন ধর্মঘটের ডাক দিয়েছে ইউনিয়নগুলো। গত ১৩ এপ্রিল স্বাক্ষরিত চুক্তির পর কাজের সময়সূচি, বিশ্রামের সময়, অতিরিক্ত কাজ (ওভারটাইম) এবং কর্মীদের ওপর মানসিক চাপের মতো বিষয়গুলোতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে তারা।

তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, নতুন কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, শিফট ব্যবস্থাপনা উন্নত করাসহ বিভিন্ন সমাধানমূলক পদক্ষেপ ইতিমধ্যে বাস্তবায়িত হচ্ছে। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে নতুন করে ডাকা এই ধর্মঘটকে ‘অযৌক্তিক ও অসামঞ্জস্যপূর্ণ’ বলে মন্তব্য করেছে কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে, সমস্যা সমাধানে ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা এখনও উন্মুক্ত রয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version