মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬   |   ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে ট্যাক্সির প্রারম্ভিক ভাড়া বা ফ্ল্যাগ ডাউন রেট কমিয়ে দেওয়া এবং দূরত্ব ও সময়ের ওপর ভিত্তি করে পরিবর্তনশীল ভাড়া নির্ধারণের নতুন সরকারি নীতিমালার বিরুদ্ধে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে দেশটির ট্যাক্সি খাতে। এই বিতর্কিত নীতিমালা স্থগিতের দাবিতে পর্তুগালের গতিশীলতা ও পরিবহন কর্তৃপক্ষ (AMT)-এর সাথে জরুরি বৈঠকে বসছে দেশটির প্রধান দুটি ট্যাক্সি সংগঠন ‘আনট্রাল’ ও ‘এফপিটি’। একই সাথে দাবি আদায় না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের রূপরেখা তৈরি করতে একটি জাতীয় সাধারণ সভাও ডাকবে তারা।

ট্যাক্সি খাতের শীর্ষ নেতাদের দাবি, সরকার যে ভাড়ার হিসাব বা তালিকা প্রকাশ করেছে, তাতে মারাত্মক কিছু গাণিতিক ও কাঠামোগত ভুল রয়েছে। বর্তমান রূপের এই ভাড়া ব্যবস্থা কার্যকর করা হলে তা পুরো ট্যাক্সি খাতকে সম্পূর্ণ ধ্বংস বা দেউলিয়া করে দেবে। ‘পর্তুগিজ ট্যাক্সি ফেডারেশন’ (FPT)-এর সভাপতি কার্লোস সিলভা জানিয়েছেন, ট্যাক্সিমিটার বিশেষজ্ঞদের সাথে নিবিড় পরামর্শ করে দেখা গেছে যে সরকারের প্রকাশিত নতুন ভাড়ার তালিকায় এবং হিসাবে মারাত্মক প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত ভুল রয়েছে। এই ত্রুটিপূর্ণ তালিকা নিয়ে নতুন ভাড়া কার্যকর করা কোনোভাবেই সম্ভব নয়।

পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়মে বড় ধরণের ভাড়া বৃদ্ধি এড়াতে ২০২৬ সালের প্রথম বছরের জন্য সর্বোচ্চ ৯% ভাড়া বাড়ানোর সীমা নির্ধারণ করা হয়েছে। তবে ট্যাক্সি সমিতিগুলোর দাবি, বর্তমানে বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা ভাড়া চালু থাকায় ঠিক কোন ভাড়ার ওপর এই ৯% কার্যকর হবে, তা সরকার স্পষ্ট করেনি। ৪ জনের বেশি যাত্রী বহনকারী বড় ট্যাক্সিগুলোর ক্ষেত্রে প্রারম্ভিক ভাড়া কেমন হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সংগঠনগুলো দাবি করেছিল, এই গাড়িগুলোতে ৪ জন পর্যন্ত সাধারণ ভাড়া এবং ৪ জনের বেশি যাত্রী হলে বর্ধিত দ্বিগুণ ভাড়া বা ডাবল ট্যারিফ চালু করা হোক, যা নতুন নীতিমালায় পরিষ্কার করা হয়নি।

গত মঙ্গলবার পর্তুগালের সরকারি গ্যাজেটে প্রকাশিত এই নিয়মটি আগামী ১৯ জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর পর থেকে ট্যাক্সি অপারেটরদের তাদের মিটারের সফটওয়্যার আপডেট ও সামঞ্জস্য করার জন্য আগামী ২৮ আগস্ট পর্যন্ত সর্বোচ্চ ৭০ দিন সময় দেওয়া হবে। নতুন এই নিয়মে ট্যাক্সি চালুর শুরুর ভাড়া বর্তমানের চেয়ে কম রাখা হয়েছে, তবে দূরত্ব ও সময়ের ওপর বাড়তি চার্জ যুক্ত করা হয়েছে। এছাড়া উৎসবের দিন, সরকারি ছুটি এবং পর্যটন এলাকাগুলোতে মৌসুমী ভাড়া বাড়ানোর বিধান রাখা হয়েছে এই নতুন নীতিতে।

আনট্রাল’ এর সভাপতি ফ্লোরেন্সিও দে আলমেইদা স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যদি পরিবহন অথরিটি” আমাদের দাবি মেনে এই নীতিমালায় পরিবর্তন না আনে, তবে আমরা ভিন্ন পথ বেছে নেব। বর্তমান রূপের এই ভাড়া ব্যবস্থা পুরো ট্যাক্সি খাতকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে।”

তথ্যসূত্র: অবজারভেডর 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version