পর্তুগালে বসবাসরত অভিবাসী ও আন্তর্জাতিক সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে শুরু হয়েছে ‘ইন্টিগ্রেট ফর ট্যুরিজম’ প্রোগ্রামের দ্বিতীয় সংস্করণ। আগামী ২ মে ২০২৬ পর্যন্ত এই কর্মসূচিতে আবেদন করা যাবে।
এই উদ্যোগটি মূলত পর্যটন খাতে দক্ষ জনবল তৈরি এবং অভিবাসীদের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে। প্রোগ্রামটি পরিচালনা করছে ট্যুরিজমো দে পর্তুগাল, সহযোগিতায় রয়েছে এআইএমএ (AIMA), কনফেডারেশন অব ট্যুরিজম অব পর্তুগাল (CTP) এবং এই সংস্করণে নতুনভাবে যুক্ত হয়েছে ইনস্টিটিউটো দো এমপ্রেগো ই ফরমাসাও প্রফেশনাল (IEFP)।
২০২৪ সালে শুরু হওয়া এই উদ্যোগের ধারাবাহিকতায় দ্বিতীয় সংস্করণে আরও সমন্বিত মডেল অনুসরণ করা হয়েছে। এতে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে পর্তুগিজ ভাষা শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ এবং বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
প্রোগ্রামটির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এআইএমএ অংশগ্রহণকারী নির্বাচন ও প্রশিক্ষণ চলাকালীন নিবিড় তদারকি করছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের কর্মপরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করা, মাঝপথে ছেড়ে যাওয়ার প্রবণতা কমানো এবং তাদের স্বনির্ভর করে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগটি একদিকে যেমন অভিবাসীদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে, অন্যদিকে পর্যটন খাতে দক্ষ জনবল সংকট পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দেশের পর্যটন খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতেও সহায়ক হবে।
প্রোগ্রামের আগের সংস্করণের অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প ইতিমধ্যে আগ্রহীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। নতুন সংস্করণেও একই ধরনের সুযোগ কাজে লাগিয়ে অনেকেই স্থায়ী কর্মসংস্থানের পথে এগিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।
