সোমবার, ২৭ই জুলাই, ২০২৬   |   ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউ সম্প্রদায়ের বার্ষিক উৎসব ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ চলাকালে ভিড়ের মধ্যে একটি দ্রুতগামী গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জার্মান পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় শনিবার রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে শহরের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ ফটকলাগোয়া টিয়ারগার্টেনের দক্ষিণ অংশে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। একটি সাদা রঙের ছোট গাড়ি আচমকা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং একাধিক মানুষকে চাপা দিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এর পরপরই গাড়িটি ফেলে রেখে সন্দেহভাজন চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় মূল মঞ্চে থাকা বড় পর্দায় ‘এলাকা খালি করুন’ লেখা ভেসে ওঠে এবং কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পুরো অনুষ্ঠান বাতিল ঘোষণা করে।

বার্লিন পুলিশ জানিয়েছে, হামলা কাজে ব্যবহৃত গাড়িটি অদূরেই পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বার্লিন পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ রোববার জানান, প্রাথমিক তদন্তে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং সে স্থানীয় ‘ইসলামিক বলয়ের’ সঙ্গে যুক্ত বলে জানা গেছে। ২১ বছর বয়সী আব্দুল বি. নামের ওই পলাতক চালককে ধরতে ড্রোন, হেলিকপটার ও ভারী অস্ত্রে সজ্জিত দল নিয়ে পুরো বার্লিন জুড়ে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

উৎসবস্থল নিরাপদ রাখতে আগে থেকেই আড়াইশটিরও বেশি প্রতিরোধক নিরাপত্তা প্রতিবন্ধক বসানো ছিল। এত কড়া নিরাপত্তার ফাঁক গলে কীভাবে একটি গাড়ি অনুষ্ঠানস্থলে ঢুকল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনাটিকে ‘ভয়ংকর ও বর্বর হামলা’ উল্লেখ করে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন। অন্যদিকে বার্লিনের মেয়র কাই ভেগনার এই ঘটনাকে বার্লিনের স্বাধীন ও উন্মুক্ত সমাজের ওপর নগ্ন আক্রমণ হিসেবে অভিহিত করেছেন।

তথ্যসূত্র: প্রথম আলো 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version