সোমবার, ১লা জুন, ২০২৬   |   ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের এসেক্সে একটি বাড়িতে কুকুরের ভয়াবহ হামলায় ১৯ বছর বয়সী এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ই এপ্রিল ২০২৬) রাত পৌনে ১১টার দিকে ডানমো এলাকার কাছে ‘লং হাইড’ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এসেক্স পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় তরুণীকে উদ্ধারের পর জরুরি সেবাকর্মীরা আপ্রাণ চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনায় ডেনমো এলাকার ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি বিপজ্জনক ও অনিয়ন্ত্রিত কুকুরের দায়িত্বে অবহেলার মাধ্যমে এই মৃত্যু ঘটিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। ঘটনার পর পুলিশ কুকুরটিকে জব্দ করেছে এবং বিশেষজ্ঞ কর্মকর্তাদের মাধ্যমে এলাকাটি নিরাপদ করা হয়েছে।

এসেক্স পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল স্টুয়ার্ট হুপার এই ঘটনাকে স্থানীয় সম্প্রদায়ের জন্য ‘চরম ধাক্কা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি নিহত তরুণীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, “অভিজ্ঞ গোয়েন্দারা ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছেন যাতে ঠিক কী ঘটেছিল তা নিশ্চিত হওয়া যায়।” স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের মুখে পুলিশ ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং ঘটনার বিষয়ে কারো কাছে কোনো সিসিটিভি ফুটেজ বা তথ্য থাকলে তা দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version