রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬   |   ৩০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভন দেখিয়ে বন্ধুর ছোট বোনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ এবং তা দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে শাকির আহমদ  নামে এক যুক্তরাজ্য প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকির ওই এলাকার হাফিজ মঞ্জুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শাকির আহমদের সঙ্গে তার বন্ধুর ছোট বোনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরে ফোনালাপ ও ভিডিও কলের মাধ্যমে ওই তরুণীর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন শাকির। পরবর্তীতে বিয়ের বিষয়ে টালবাহানা শুরু করেন এবং ওইসব ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তরুণীকে ব্ল্যাকমেইল করতে থাকেন। গত ৩ এপ্রিল বিয়ের প্রসঙ্গ তুললে শাকির উত্তেজিত হয়ে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

ভুক্তভোগী তরুণী বিষয়টি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিলে অভিযানে নামে পুলিশ। অভিযানকালে শাকিরের কাছ থেকে ব্ল্যাকমেইলিংয়ে ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার  মো. মনজুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version