রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬   |   ২৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে চাকরির বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম কার্যকর হলে নিয়োগদাতাদের প্রতিটি চাকরির বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদের নির্ধারিত বেতন অথবা বেতনের পরিসর উল্লেখ করতে হবে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ পরিকল্পনার কথা জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। বেতনসংক্রান্ত তথ্যের স্বচ্ছতা বাড়ানো, তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং নারী-পুরুষের মধ্যে বেতনবৈষম্য কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রীর দপ্তরের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রতি পাঁচজন নিয়োগদাতার মধ্যে দুজনের কিছু বেশি চাকরির বিজ্ঞপ্তিতে বেতনের পরিসর উল্লেখ করেন। তবে নির্দিষ্ট বেতনের অঙ্ক জানান পাঁচজনের মধ্যে একজনেরও কম। চার্টার্ড ইনস্টিটিউট অব পার্সোনেল অ্যান্ড ডেভেলপমেন্টের (সিআইপিডি) তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রী বার্নহ্যাম বলেন, কোনো পদে আবেদন করতে সময় ও শ্রম দেওয়ার আগেই চাকরিপ্রার্থীদের ওই পদের বেতন জানার অধিকার রয়েছে। বিজ্ঞপ্তিতে বেতনের তথ্য থাকলে আবেদনকারীরা আগেই বুঝতে পারবেন, চাকরিটি তাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।

সরকার জানিয়েছে, নিয়মটি বাধ্যতামূলক করতে শিগগিরই পার্লামেন্টে আইন প্রণয়নের প্রস্তাব তোলা হবে। তবে নতুন আইন কবে কার্যকর হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version