শনিবার, ২৫ই জুলাই, ২০২৬   |   ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের এসেক্সের একটি সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে একই ব্রিটিশ-বাংলাদেশি পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে এসেক্সের কোলচেস্টারের কাছে ওয়েস্ট মার্সি সৈকতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২), তাঁদের মেয়ে সামিয়া রহমান (১৫) এবং সেলিনার বোনের ছেলে মুসা আহমেদ (৯)। শেখ মনসুর রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান শেখ মকন মিয়ার ছেলে।

গরমের ছুটি কাটাতে পরিবারটি ওয়েস্ট মার্সি সৈকতে ঘুরতে গিয়েছিল। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সৈকতে পরিবারটি যখন পানির কাছাকাছি অবস্থান করছিল, তখন হঠাৎ তীব্র জোয়ার চলে আসে। এ সময় শক্তিশালী স্রোতের টানে ৯ বছরের শিশু মুসা পানিতে ভেসে যায়। তাকে বাঁচাতে সেলিনা রহমান ও তাঁর মেয়ে সামিয়া সাগরে ঝাঁপ দেন। তবে সাগরের টান বেশি থাকায় তাঁরা দুজনও স্রোতে তলিয়ে যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ, লাইফবোটের উদ্ধারকারী দল, কোস্টগার্ডের হেলিকপ্টার ও এয়ার অ্যাম্বুলেন্স। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের তিনজনকেই মৃত ঘোষণা করেন।

মনসুর রহমানের ভাই শেখ মাহফুজুর রহমান জানান, নিহতদের লাশ দাফনের জন্য বাংলাদেশে আনা হবে, নাকি যুক্তরাজ্যে দাফন করা হবে সে বিষয়ে পরিবার থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই মর্মান্তিক দুর্ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী ও সিলেটে অবস্থানরত স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তথ্যসূত্র: স্কাই নিউজ 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version