সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬   |   ২০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমান ঘাঁটি থেকে ১২টি বি-১ বোমারু বিমান যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সপ্তাহান্তে বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে পেন্টাগন নিশ্চিত করেছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ঘাঁটিটিতে ইরানের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত সপ্তাহে ওই বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিকত্বধারী কয়েকজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ নিরাপত্তা বাহিনী। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সম্ভাব্য হামলার হুমকি সম্পর্কে যুক্তরাজ্যকে আগাম গোয়েন্দা তথ্য দিয়েছিল ইসরায়েল।

এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ‘অভিযানিক নিরাপত্তার কারণে আমাদের সম্পদ ও বাহিনীর গতিবিধি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব না হলেও, আমরা এখন স্বীকার করতে পারি যে আরএএফ ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমানকে যুক্তরাষ্ট্রে তাদের মূল ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, বি-১, বি-২ ও বি-৫২সহ মার্কিন বোমারু বিমানগুলো ‘বিশ্বজুড়ে সুনির্দিষ্টভাবে আঘাত হানার সক্ষমতা প্রদর্শনে প্রস্তুত রয়েছে’। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে অভিযান শুরু ও শেষ করার সক্ষমতাও রয়েছে।

গত মার্চে ‘ইরানে সুনির্দিষ্ট প্রতিরক্ষামূলক অভিযান’ চালাতে ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহারের অনুমতি ওয়াশিংটনকে দিয়েছিল ব্রিটেন। এরপর থেকেই মার্কিন বোমারু বিমানসহ অন্যান্য সামরিক উড়োজাহাজকে এই ঘাঁটি থেকে উড্ডয়ন ও অবতরণ করতে দেখা গেছে। ইরানবিষয়ক ওই অভিযানে ব্যবহারের জন্য ব্রিটেনের মূল ভূখণ্ডে এটিই একমাত্র বিমান ঘাঁটি।


শেয়ার
মতামত দিন...

Exit mobile version