পর্তুগালের অভিবাসন ও আশ্রয় বিষয়ক সংস্থা আইমা-র আজোরেস দ্বীপপুঞ্জের কার্যালয়ে বড় ধরনের দুর্নীতি বিরোধী অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। ‘অপারেশন ডাইরেক্ট লাইন’ নামক এই বিশেষ অভিযানে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে সংস্থাটির তিন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। বুধবার পোন্তা দেলগাদায় আইমা-র কার্যালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাড়িসহ মোট নয়টি স্থানে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ নথি, কম্পিউটার ডাটা এবং ই-মেইল রেকর্ড জব্দ করেছে।
তদন্তকারীদের প্রাথমিক অভিযোগে উঠে এসেছে যে, অভিযুক্ত কর্মকর্তারা ঘুষ বা অন্য কোনো অনৈতিক সুবিধার বিনিময়ে নির্দিষ্ট কিছু আবেদনকারীর ফাইল বা প্রক্রিয়াকে নিয়মবহির্ভূতভাবে অগ্রাধিকার দিতেন। অর্থাৎ, দীর্ঘ সময় ধরে লাইনে থাকা সাধারণ আবেদনকারীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে নির্দিষ্ট কিছু মানুষের কাজ আগে করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। পাবলিক প্রসিকিউটর অফিসের নির্দেশে এই তদন্ত পরিচালিত হচ্ছে এবং পুলিশ বর্তমানে জব্দকৃত নথিপত্র বিশ্লেষণ করছে।
এই দুর্নীতির সাথে ‘গোল্ডেন ভিজা’ বা অন্য কোনো নির্দিষ্ট ক্যাটাগরির সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত করেনি আইমা কর্তৃপক্ষ। তবে অভিবাসন সংস্থার ভেতরে এমন দুর্নীতির খবরে প্রবাসীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ বিস্তারিত তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকলেও এই অভিযানকে অভিবাসন খাতে স্বচ্ছতা ফেরানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: সিস নটিসিয়াস


